ছিনতাইকারীদের পাকড়াও করতে গিয়ে বুড়িগঙ্গায় ছুরিকাঘাতে আহত এক দিনমজুরের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
নিহত দিনমজুরের নাম আলমগীর হোসেন (৪০)। আহতের নাম আনোয়ার হোসেন (৩৮)। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ছুরিকাঘাতের শিকার হন আলমগীর। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপপরিদর্শক এএসআই আব্দুল খান ওই দিনমজুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয় সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
শরীয়তপুরের পালং উপজেলার ছোট বিনদপুর গ্রামের আবুল হাসেম বেপারীর ছেলে আলমগীর। জিনজিরার বাসিন্দা আলমগীর তিন ছেলে ও এক মেয়ের জনক।
নিহতের ভাই শাহআলম জানিয়েছেন, তার ভাই লেবারের কাজ করতেন। বৃহস্পতিবার ভোরে মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন বালুরঘাট এলাকায় ট্রাক থেকে ভাঙারি মালামাল নামানোর কাজ করছিলেন।
সে সময়ে এক ব্যক্তি দৌড়ে এসে তাদের কাছে বলছিলেন ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকা পয়সা মোবাইল নিয়ে পালিয়ে যাচ্ছে, তখন আলমগীর ও তার সহকর্মী আনোয়ার তাদের পিছু নেয়।
ছিনতাইকারীরা নৌকায় চড়ে পালানোর চেষ্টা করে। সে সময়ে তারাও আরেকটি নৌকায় করে পিছু নেন। পরে নদীর মাঝামাঝি এলাকায় ছিনতাইকারীরা তাদের দুই জনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার অধীনস্থ বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এসএম আব্দুস সোবহান বলেন, এ ঘটনায় একজন মারা গেছেন, একজন মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, ঘটনার পর সেখানে আমাদের এক অফিসার কে পাঠিয়েছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রয়েছে। মামলার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।









