সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুশতাক আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
সোমবার (১ নভেম্বর) দুদকের উপ-পরিচালক আলী আকবর বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়-ঢাকা ১ এ এই মামলা দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত দুই কোটি ১৩ লাখ ৭ হাজার ২৫৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করার অভিযোগ ও দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ৫৪ লাখ ৬০ হাজার ৬৬৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করার অভিযোগ আনা হয়েছে। দুদকের জনসংযোগ শাখার উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, ২০১৯ সালের ৩১ মার্চ মুশতাক আহমদের বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত টিম প্রাথমিক অনুসন্ধান করে সম্পদ বিবরণীর নোটিস জারির সুপারিশ করে। ওই বছরেরই ২৬ মে মুশতাক আহমেদ তার সম্পদ বিবরণী দুদকে দাখিল করেন। সম্পদ বিবরণীতে তিনি নিজ নামে মোট ১ কোটি ২০ লাখ ৫৬ হাজার ২১৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা দেন। তবে দুদকের অনুসন্ধানে ৪৪ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের বিষয়টি উঠে আসে। একইসঙ্গে তার জ্ঞাত আয়বহির্ভূত আরও সম্পদের তথ্য পায় দুদক।
দুদকের একজন কর্মকর্তা জানান, মুশতাক আহমেদ মোট দুই কোটি ১৩ লাখ ৭ হাজার ২৫৩ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযাগ্যে অপরাধ করেছেন।








