রাজধানীর আদাবর থেকে নিখোঁজ তিন বোনের অবস্থান শনাক্ত করেছে র্যাব। তাদের অবস্থান বর্তমানে যশোরে। অসুস্থ বাবাকে দেখতে তারা যশোর গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যায়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আদাবর থেকে নিখোঁজ তিন বোনের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছে র্যাব। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
আদাবর থানা পুলিশ বলছে, নিখোঁজ তিন বোনকে উদ্ধারের পর যশোরের কোতোয়ালী থানায় রাখা হয়েছে। তাদেরকে আজ (শুক্রবার) রাতেই ঢাকা নিয়ে আসা হবে। এবং আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে।
র্যাব বলছে, তিন বোন নিখোঁজের ঘটনার ছায়া তদন্ত করে আমরা জানতে পারি, অসুস্থ বাবাকে দেখতে তারা বাবার বাড়ি যশোর চলে যায়। বাসা থেকে বের হয়ে যাওয়ার পর তিন বোনের খালা সাজেদা নওশীন ধারণা করেছিলেন তারা টিকটকে আসক্ত ছিল বিধায় কারো প্ররোচনায় বাসা থেকে বের হয়ে যেতে পারে। তবে প্রাথমিকভাবে এ ধরনের কোনও ঘটনার সম্পৃক্ততা আমরা পাইনি।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুজ্জামান বলেন, তিন বোনের কেউ মোবাইল ব্যবহার করতো না। তাদেরকে যশোর থেকে ঢাকায় আনা হচ্ছে। ঢাকায় এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিস্তারিত জানা সম্ভব হবে। তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তারা তাদের অসুস্থ বাবাকে দেখতে বাসা থেকে বের হয়ে গিয়েছিল।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালের দিকে রাজধানীর আদাবরের ফুফুর বাসা থেকে নিজেদের সার্টিফিকেট, পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাগসহ বেরিয়ে যায় তারা। খুঁজে না পেয়ে বৃহস্পতিবার নিখোঁজ তিন বোনের খালা সাজিয়া নওশীন আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এর আগে, রাজধানীর আদাবর এলাকায় খালা সাজিয়া নওশীনের বাসায় আসে তিন বোন। তাদের মধ্যে দুই জন এসএসসি পরীক্ষার্থী। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল ধানমন্ডি গার্লস হাইস্কুলে। যাতায়াতের সুবিধার জন্য খালা নওশীন তিন বোনকে নিজের কাছে এনে রাখে। তাদের একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী রবিবার দ্বিতীয় পরীক্ষার তারিখ রয়েছে। এছাড়া অন্য বোন ভোকেশনাল পাস করে যুব উন্নয়ন অধিদফতরে একটি কোর্স করছিলেন।
আরও পড়ুন: আদাবর থেকে ৩ বোন নিখোঁজ









