রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক বিরোধের জের ধরে ছুরিকাঘাতে মোহাম্মদ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় লাড্ডুর দোকানের কর্মচারী ছিলেন।
সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচরের ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় বোন শারমিন বেগম জানান, গত শুক্রবার মোহাম্মদের স্ত্রী গ্রামের বাড়িতে যান। ওই সময় বাসায় এক নারীকে নিয়ে থাকার অভিযোগকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ তৈরি হয়। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।
এর জের ধরে সোমবার রাতে কাওসার, তার স্ত্রী সোনিয়া ও মুজাহিদসহ ১০-১২ জন মিলে মোহাম্মদকে মারধর করেন। একপর্যায়ে কাওসার তার পিঠে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত মোহাম্মদ মুন্সিগঞ্জ সদর উপজেলার মো. আলাউদ্দিনের ছেলে। তিনি কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠ এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।
অপহরণ, প্রতারণা ও মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার, উদ্ধার ২৫ লাখ টাকা
রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ পৃথক তিনটি অভিযানে অপহৃত একজনকে উদ্ধারসহ ৬ জনকে গ্রেফতার করেছে। একই সঙ্গে ২৫ লাখ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, রবিবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আলিম বাবু (৩০), মো. সজিব মিয়া (২৯), মো. ময়নুদ্দিন (৪০) ও মো. মহিউদ্দিন (৩৬)-কে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত ভিকটিম আজিবুর রহমানকে (৫০) উদ্ধার করা হয় এবং মুক্তিপণের ২৫ লাখ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
এছাড়া শনিবার ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রতারণা ও আত্মসাৎ মামলায় তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে লক্ষ্মীপুর সদর এলাকায় নুর হোসাইন সোহাগকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৯ ভরি স্বর্ণের চেইনসহ প্রায় ২৩ লাখ ৬০ হাজার টাকার স্বর্ণালংকার ও ইলেকট্রনিকস সামগ্রী উদ্ধার করা হয়।
অপরদিকে, রবিবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে মো. জামাল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।









