‘ছিনতাইতারীর হ্যাঁচকা টানে’ রিকশা থেকে পড়ে গিয়ে এসকেএফ ফার্মাসিউটিক্যালসের বিক্রয় কর্মকর্তা সোহেলী ইসলাম সোমার মৃত্যুর মামলায় আবির হোসেন নয়ন নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
দিনাজপুরের পার্বতীপুরে ঈদের ছুটি কাটিয়ে কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে ঢাকায় ফিরছিলেন সোমা। গেল ৭ জুন ভোরে বাস থেকে নেমে ব্যাটারিচালিত রিকশায় চেপে সেন্ট্রাল রোডের বাসায় ফিরছিলেন মা ও মেয়ে।
পথে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের সামনে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা সোমার হাতব্যাগ ধরে টান দিলে তিনি রাস্তায় আছড়ে পড়েন, তার মাথা ঠুকে যায় সড়ক বিভাজকের সঙ্গে।
গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তী সময়ে তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জুন সকালে সোহেলী মারা যান।
এই ঘটনায় সোহেলীর মামা নাজমুল মওলা লিটন ১৩ জুন মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর নয়নকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়।
রিমান্ড শেষে বুধবার নয়নকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মিরাজুল ইসলাম। নয়নের পক্ষে তার আইনজীবী এস. এম. মনিরুজ্জামান (তারেক) জামিন চেয়ে আবেদন করেন। পরে বৃহস্পতিবার শুনানি করতে চান মর্মে আদালতকে জানান। পরে আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন রেখেছেন বৃহস্পতিবার।









