রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে একটি কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব জানিয়েছে, রবিবার (৫ জুলাই) রাতে পল্লবীর অ্যাভিনিউ-৫ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন—রজ্জব হোসেন (২৩), মেহেদী হাসান ওরফে টুন্ডা হাসান (৩০), আলফাজ আহমেদ আসু (২২), সোহেল রানা (৩৯) এবং শাহা পরান (২৩)।
র্যাবের ভাষ্য, তারা পল্লবীতে সক্রিয় ‘ভইরা-দে গ্রুপের’ সদস্য। রজ্জব ও মেহেদী গ্রুপটির নেতা আশিকের সহযোগী হিসেবে পরিচিত।
র্যাব জানায়, সম্প্রতি গ্রুপটির সদস্যরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতার মেহেদীর বিরুদ্ধে পল্লবী ও কাফরুল থানায় দুটি মামলা রয়েছে। আলফাজের বিরুদ্ধে পল্লবী থানার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া সোহেলের বিরুদ্ধেও পল্লবী থানায় একটি মামলা রয়েছে। আইনি ব্যবস্থা নিতে গ্রেফতারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে ১৭ জুন ও ৪ জুলাই পৃথক অভিযানে একই গ্রুপের আরও পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলেন—পারভেজ, টান আকাশ, শিশির আহম্মেদ ইমন, আবদুল্লাহ ও আল আমিন। এ নিয়ে ‘ভইরা-দে গ্রুপের’ মোট ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।






