রাজধানীর বনানীর মহাখালী টিভি গেট এলাকার এক নারীর ছুরিকাঘাতে মো. মামুন (৩০) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জুলাই) দুপুর ওই ঘটনা ঘটে। পরে অভিযুক্ত নারী বিউটি আক্তারকে আটক করে পুলিশ। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক হাসান এ তথ্য জানান।
মামুন সম্প্রতি বাংলাদেশ রেলওয়েতে সেকেন্ড ক্লাস কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মালিয়াটি গ্রামের বাবুল আহমেদের ছেলে।
মামুনকে হাসপাতালে নিয়ে যাওয়া বাসার মালিক মো. সুমন বলেন, আজ দুপুর ১টার দিকে মামুন এক নারীকে সঙ্গে নিয়ে বাসায় আসে। একপর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে ওই নারী ধারালো অস্ত্র দিয়ে মামুনের পেটে ছুরিকাঘাত করে এবং তার পুরুষাঙ্গ কেটে দেয়।
তিনি বলেন, মামুনের চিৎকারে তার কক্ষে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে অভিযুক্ত নারী বিউটি আক্তারকে আটক করে। আহত মামুনকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মামুনের চাচা মোকসেদ আলী বলেন, প্রায় পাঁচ বছর আগে মামুনের সঙ্গে জান্নাত নামে এক নারীর বিয়ে হয়। মামুনের স্ত্রী বর্তমানে গ্রামের বাড়িতে এবং তিনি অন্তঃসত্ত্বা। চলতি মাসের ১ জুলাই বাংলাদেশ রেলওয়েতে সেকেন্ড ক্লাস কর্মকর্তা হিসেবে যোগদান করে মামুন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসআই তারেক হাসান জানান, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বিউটি আক্তারকে আটক করা হয়। মামুন ও বিউটি দুজনই বিবাহিত এবং তাদের মধ্যে একটি সম্পর্ক ছিল। তবে কেন বিউটি মামুনকে হত্যা করেছে, তা জানার চেষ্টা চলছে।








