সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী।
রবিবার (১২ জুলাই) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধান বিচারপতি তার নিজের, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
এদিকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ (১২ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের আদালতসমূহের কার্যক্রম অর্ধদিবসের জন্য, অর্থাৎ দিনের দ্বিতীয়ার্ধে বন্ধ থাকবে। একইসঙ্গে আজ চেম্বার কোর্টের কার্যক্রমও বন্ধ থাকবে।
প্রসঙ্গত, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের রাজনীতি ও বিচারাঙ্গনের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তিনি অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং মন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত থেকে দেশের আইন ও বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
আজ ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।









