ট্রাফিক আইন অমান্য করে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেফতার করেছে ডিএমপি ট্রাফিক সবুজবাগ জোন। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম— মো. খোকন (৩৫)। বুধবার (১৫ জুলাই) দুপুরে মালিবাগ ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।
বুধবার (১৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মালিবাগ ক্রসিং এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক বিভাগের এক সার্জেন্ট। এসময় রাস্তার মাঝখানে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। বারবার সতর্ক করার পরও চালক গাড়িটি সরিয়ে নিতে অনাগ্রহ দেখান।
তিনি আরও জানান, পরে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে গেলে চালক ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত সার্জেন্টের সঙ্গে অশালীন আচরণ করেন। পাশাপাশি রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং পুলিশ সম্পর্কে বিরূপ মন্তব্য করেন।
নিয়াজ মেহেদী জানান, পরে অভিযুক্ত চালককে গ্রেফতার করে গাড়িসহ রমনা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।









