রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় সাবেক এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম সেকান্দার আলী (৭২)।
শনিবার (১৮ জুলাই) বিকাল পৌনে ৫টার দিকে সেকান্দারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. রোকন উদ্দিন জানান, সেকান্দার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে।
নিহতের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়। বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন।









