চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে দুদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
এ সময় চিফ প্রসিকিউটর এ মামলায় মোজাফফরকে গ্রেফতার দেখানোর আবেদনের পাশাপাশি দুদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি চান। পাশাপাশি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় প্রার্থনা করেন।
শুনানি শেষে মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখান ট্রাইব্যুনাল। এছাড়া তদন্ত সংস্থার সুবিধাজনক সময়ে দুদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।
এর আগে সকালে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বর্তমানে তিনি ঢাকার সেনানিবাসের কারাগারে থাকবেন।
এছাড়াও এ মামলার অপর আসামি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে মোজাফফরের সংশ্লিষ্টতা উঠে এসেছে। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে সংঘটিত হত্যাযজ্ঞের সময় মাসুদ উদ্দিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। এ জন্য তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।
গত ২১ জুলাই জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম এই আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে প্রসিকিউশন। প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফরকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর দিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।









