আদালত অবমাননায় সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউন্সিলরকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ জুলাই ২০২৬, ০৬:৫৮আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৬:৫৮

উচ্চ আদালতের স্থিতাবস্থার আদেশ উপেক্ষা করে স্থাপনা উচ্ছেদ করায় আদালত অবমাননার দায়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদারকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার অভিযোগে দায়ের করা আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আলমগীর মোস্তাফিজুর রহমান। রাজশাহী সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী জাফর সাদেক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

রায়ের পর আইনজীবী জাফর সাদেক জানান, রাসিকের তৎকালীন সচিব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ওয়ার্ড কাউন্সিলরের পক্ষে আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। আদালত তৎকালীন সচিবকে অব্যাহতি দিলেও সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাবেক ওয়ার্ড কাউন্সিলরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আপিল করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মামলার নথি অনুযায়ী, রাজশাহীর বোয়ালিয়া থানার বহরমপুর মৌজার ০ দশমিক ২৮০ একর বিতর্কিত জমিতে থাকা মিম ফার্মা অ্যান্ড মেডিকেল সার্ভিস, ওয়াসিক হল, সূচনা মেডিকেল হল, রায়হান হার্ডওয়্যার ও স্টুডিও হেভেন উচ্ছেদের জন্য ২০১০ সালের ৩০ মার্চ নোটিশ দেয় রাজশাহী সিটি করপোরেশন।

নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ওই প্রতিষ্ঠানের মালিক সৈয়দ আলতাফ হোসেন, ওবায়দুর রহমানসহ পাঁচ ব্যক্তি হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে ২০১০ সালের ১১ এপ্রিল হাইকোর্ট রুল জারি করে তিন মাসের জন্য ওই জমির বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। পরে একই বছরের ২২ জুলাই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থার আদেশ বহাল রাখা হয়।

আবেদনকারীদের দাবি, স্থিতাবস্থার আদেশ বহাল থাকা অবস্থায় ২০২৪ সালের ৮ এপ্রিল রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকান খালি করার নোটিশ দেন। পরে ২৬ এপ্রিল উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে পূর্ব নোটিশ ছাড়াই আবেদনকারীদের স্থাপনা ও দোকানপাট ভেঙে ফেলা হয়।

এর পর ২০২৪ সালে রাজশাহী সিটি করপোরেশনের তৎকালীন সচিব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন রিটকারীরা। ওই আবেদনের শুনানি নিয়ে ২০২৪ সালের ২৬ জুন হাইকোর্ট রুল জারি করেন। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেওয়া হয়।

/বিআই/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে ছাতা সঙ্গে রাখবেন? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
ছুটির দিনে ছাতা সঙ্গে রাখবেন? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
আদালত অবমাননায় সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউন্সিলরকে জরিমানা
আদালত অবমাননায় সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউন্সিলরকে জরিমানা
সময়মতো রফতানি আয় দেশে না আনলে মিলবে না ইডিএফ সুবিধা
সময়মতো রফতানি আয় দেশে না আনলে মিলবে না ইডিএফ সুবিধা
উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের
উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ