রাজধানীর মহাখালী এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্ষক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক ব্যক্তিরা হলেন— সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪) এবং আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, মঙ্গলবার (১১ আগস্ট) বেলা দেড়টার দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে কয়েকজনকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে। গণপিটুনিতে আহত হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে মোটরসাইকেলে এসে কয়েকজন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলটি টার্মিনাল এলাকার সামনে দিয়ে দ্রুতগতিতে এগিয়ে যায়। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করেন। তাদের আগে কয়েকজন গণপিটুনির শিকার হন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় বনানী থানা পুলিশ।









