সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় তেজগাঁও থানা শ্রমিকলীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেমকে’ ৫ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান আসামিকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মাসুদ খান রিমান্ড আবেদন বাতিল ও জামিন চেয়ে বলেন, আবুল কাশেম পাটোয়ারী এ ঘটনার সঙ্গে জড়িত নন। রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। তাই তার জামিন প্রার্থনা করা হয়।
অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে কাওরান বাজার এলাকায় বাপেক্স ভবন, পল্লী ভবন, পরিবার পরিকল্পনা অফিস ও কাব্যকস সুপার মার্কেটের সামনে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি জনতাবদ্ধে হামলা চালান। এতে খালেদা জিয়ার গাড়িবহরের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় সিএসএফের নিরাপত্তাকর্মীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।
পুলিশ জানায়, তদন্তের একপর্যায়ে বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে রাজধানীর কাওরান বাজার এলাকা থেকে আবুল কাশেম পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
আবেদনে আরও বলা হয়, মামলার অন্যান্য আসামিকে গ্রেফতার, হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের স্বার্থে আবুল কাশেমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এছাড়া তাকে জামিনে মুক্তি দিলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে।
পুলিশের দাবি, আবুল কাশেম পাটোয়ারীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
গত ১৭ আগস্ট রাজধানীর কাওরান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।









