রাজধানীর ডেমরার কামারভোগ এলাকায় মো. দেলোয়ার হোসেন (৪৫) নামে এক অটোচালককে ইট দিয়ে মাথায় থেতলিয়ে হত্যা অভিযোগ উঠেছে রনি (২৬) নাম এক ব্যক্তির বিরুদ্ধে। পরে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে গণপিটুনি দেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে। শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার বলেন, হত্যাকারী পুলিশ হেফাজতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি বলেন, রনি মাদকসক্ত। তারা দুজন একে অপরের পূর্ব পরিচিত। জানা গেছে, রনির কাছে দেড়শো টাকা পেতেন দেলোয়ার। ওই টাকা চাওয়ায় দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জেরে বৃহস্পতিবার রাতে দেলোয়ারের মাথায় ইট দিয়ে আঘাত করে থেতলে হত্যা করা হয়। পরে স্থানীয়রা রনিকে আটক করে গণপিটুনি দেয়। তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডেমরার কামার ভোগ এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে দেলোয়ার। আসামি রনি ও একই এলাকার আফজাল মিয়ার ছেলে।









