হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-১ এলাকায় হারিয়ে যাওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ একটি হ্যান্ডব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন আনসার সদস্যরা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ক্যানোপি-১ এলাকায় একটি পরিত্যক্ত হ্যান্ডব্যাগ দেখতে পান দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তারা ব্যাগটি নিজ হেফাজতে নিয়ে প্রকৃত মালিককে খুঁজে বের করেন।
ওই যাত্রী হলেন মো. শাকিল হোসেন। তিনি কুমিল্লা জেলার বারুয়া থানার কুমুনিয়া গ্রামের বাসিন্দা। যাচাই-বাছাই করে তাকে শনাক্ত করে হ্যান্ডব্যাগটি তার কাছে হস্তান্তর করা হয়।
বিকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনসার বাহিনী জানিয়েছে, হস্তান্তর করা হ্যান্ডব্যাগের ভেতরে ২টি পাসপোর্ট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২ জোড়া স্বর্ণের দুল এবং ২০ রিয়াল নগদ অর্থ ছিল। হারানো মূল্যবান সামগ্রী অক্ষত অবস্থায় ফিরে পেয়ে সংশ্লিষ্ট যাত্রী আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।









