সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের সম্পর্কে ‘মানহানিকর, আপত্তিকর ও কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের কাছে লিখিতভাবে এ আবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক আইডির লিংক ও ফেসবুক পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করেন তিনি।
আবেদনে রুমিন ফারহানা উল্লেখ করেন, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে গত ১১ সেপ্টেম্বর তাকে লক্ষ্য করে একটি ‘অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ’ স্ট্যাটাস দিয়েছেন।
রুমিন ফারহানার অভিযোগ, একজন দায়িত্বশীল সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের হুমকি, আক্রমণ, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য তার জন্য শুধু অপমানজনক নয়; বরং এটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাগত মর্যাদাকেও ক্ষুণ্ন করে।
আবেদনে আরও বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিস বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এবং রাষ্ট্রপক্ষের একজন ডিএজির কাছ থেকে এমন শিষ্টাচারবহির্ভূত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আবেদনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপক্ষের একজন ডিএজির কাছ থেকে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেলের প্রতি অনুরোধ জানিয়েছেন রুমিন ফারহানা।









