খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ম্রাসাথোয়াই মারমার দায়িত্ব পালনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশের কার্যক্রম স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। এই আদেশের ফলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ম্রাসাথোয়াই মারমার দায়িত্ব পালনে বাধা নেই বলে জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
এর আগে ২০২৫ সালের ১৪ অক্টোবর খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে অপসারণ করা হয়। গত ২০ আগস্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ম্রাসাথোয়াই মারমা। তবে ম্রাসাথোয়াই মারমার নিয়োগ চ্যালেঞ্জ করে জিরুনা ত্রিপুরা হাইকোর্টে রিট দায়ের করেন।
ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ম্রাসাথোয়াই মারমার দায়িত্ব পালনের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন।








