জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও নিহত শিক্ষিকার ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধার করা হয়েছে রনজিনা পারভীনের ভ্যানিটি ব্যাগ এবং এর ভেতরে থাকা বাসের টিকিটও। এ বিষয়ে বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ৩০ আগস্ট রনজিনা পারভীন হত্যা মামলায় মো. মোশাররফ হোসেন পনি ওরফে পনি গাজী ও তার সহযোগী সেড্রিককে গ্রেফতার করে র্যাব। তখন তাদের কাছ থেকে ‘ইয়ামাহা আর-১৫’ মডেলের একটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানানো হয়। র্যাবের দাবি ছিল, মোটরসাইকেলটি ছিনতাইয়ে ব্যবহৃত হয়েছিল।
তবে র্যাবের ব্রিফিংয়ের পর মোশাররফ সাংবাদিকদের কাছে নিজেকে এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের কোনও মিল নেই বলেও দাবি করেন তিনি।
এদিকে ছিনতাইয়ের সময়কার ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে নীল রঙের একটি মোটরসাইকেল দেখা যায়। র্যাবের উদ্ধার করা মোটরসাইকেলটি সাদাকালো রঙের হওয়ায় তখন এ নিয়ে প্রশ্ন ওঠে।

ফুটেজে রঙ নীল, উদ্ধার হওয়া বাইক সাদাকালো কেন?







