সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও এর শীর্ষ নেতৃত্বকে ঘিরে ধারাবাহিকভাবে ছড়ানো হচ্ছে ভুয়া, বিভ্রান্তিকর ও আংশিক সত্য তথ্য। কখনও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হচ্ছে নকল ছবি বা ভিডিও, আবার কখনও সত্য ঘটনার সঙ্গে মনগড়া তথ্য জুড়ে দিয়ে সাজানো হচ্ছে চমকপ্রদ কনটেন্ট। মুহূর্তের মধ্যেই এসব পোস্ট ছড়িয়ে পড়ছে লাখো ব্যবহারকারীর কাছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর তথ্য বলছে, সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী, সেনাপ্রধান এবং সশস্ত্র বাহিনীর অন্য শাখাগুলোকে ঘিরে এমন অপতথ্যের সংখ্যা বেড়েছে। সামরিক ও নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মতে, এর পেছনে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের ‘ভিউ’ বা ‘এনগেজমেন্ট’ নয়, রাজনৈতিক ও গোষ্ঠীগত স্বার্থও কাজ করতে পারে। তবে এসব দাবির সব কটির স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি।

রিউমার স্ক্যানারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে বাংলাদেশ সেনাবাহিনী ও এর উচ্চপদস্থ নেতৃত্বকে ঘিরে অন্তত ৯৬টি মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করা হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ৭৪। অর্থাৎ এক বছরে এ ধরনের অপতথ্যের সংখ্যা প্রায় ৩০ শতাংশ বেড়েছে।

একই সময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে সরাসরি ঘিরে ২১টি ভুয়া তথ্য শনাক্ত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সামগ্রিকভাবে সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে চলতি বছরের প্রথম ছয় মাসে ১৯৫টি অপতথ্য শনাক্ত করা হয়, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭১ শতাংশ বেশি।

এআইনির্ভর কনটেন্ট বাড়ছে

ফেসবুক, ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রাম ঘুরে দেখা যায়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদায়ন, বদলি, পদোন্নতি কিংবা রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে নানা ধরনের কনটেন্ট ছড়ানো হচ্ছে। অনেক ক্ষেত্রে ছবি, ভয়েস, ভিডিও বা শিরোনাম এমনভাবে তৈরি করা হয়, যাতে সাধারণ ব্যবহারকারীর পক্ষে প্রথম দেখায় সত্য-মিথ্যা আলাদা করা কঠিন হয়ে পড়ে।

রিউমার স্ক্যানারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ২১০টি অপতথ্য শনাক্ত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৮২২টি ফেসবুকে, ৬০০টি টিকটকে, ৫৬২টি ইনস্টাগ্রামে এবং ২৪৫টি ইউটিউবে ছড়িয়েছে। একই কনটেন্ট একাধিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ায় মোট সংখ্যায় ওভারল্যাপ থাকতে পারে।

শুধু মার্চ মাসেই ৯৩টি এআই-নির্মিত ভুয়া উপাদান শনাক্ত করা হয়েছে। এর একটি অংশ সেনাবাহিনী ও এর নেতৃত্বকে ঘিরে তৈরি হয়েছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভিত্তিহীন তথ্য দিয়ে ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা’

রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এমন কনটেন্ট ছড়ানো হচ্ছে।

তার মতে, ‘সেনাবাহিনীকে মানুষের কাছে অজনপ্রিয় করার জন্য বিভিন্ন নেতিবাচক পোস্ট দেওয়া হচ্ছে। এসবের অনেকটিরই কোনও ভিত্তি নেই। এর পেছনে কারা আছে, বিদেশ থেকে কেউ ইন্ধন দিচ্ছে কি না—সেটিও খতিয়ে দেখা দরকার।’

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি আলোচিত ভিডিওতে সেনাবাহিনীর অভ্যন্তরীণ পদায়ন ও রাজনৈতিক ভূমিকা নিয়ে বেশ কিছু দাবি করা হয়। সেখানে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে ‘ভারতপন্থি’ ব্যক্তিদের বসানোর চেষ্টা এবং সেনাপ্রধানের কথিত ‘গোপন পরিকল্পনা’র কথা বলা হয়।

তবে এসব দাবির পক্ষে ভিডিওতে স্বাধীনভাবে যাচাইযোগ্য সরকারি নথি, প্রামাণ্য দলিল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য উপস্থাপন করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দাবি যখন প্রমাণ ছাড়া ছড়ানো হয়, তখন তা শুধু একজন কর্মকর্তার ভাবমূর্তি নয়, রাষ্ট্রের নিরাপত্তা প্রতিষ্ঠান সম্পর্কেও বিভ্রান্তি তৈরি করতে পারে।

২০২৪ সালের রাজনৈতিক সংকটও অপতথ্যের উপাদান

সেনাবাহিনীকে ঘিরে ছড়ানো অনেক কনটেন্টে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক ঘটনাপ্রবাহও ব্যবহার করা হচ্ছে। ওই সময়কার সেনাবাহিনীর ভূমিকা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেনাপ্রধানের বৈঠক, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বলপ্রয়োগ না করার সিদ্ধান্ত এবং পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া নিয়েও নানা ব্যাখ্যা ও দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

‘সামাজিক নৈরাজ্যের ডিজিটাল প্রতিফলন’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী মনে করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিয়ে ভিত্তিহীন অপপ্রচার সামাজিক আস্থার জন্য ক্ষতিকর।

তিনি বলেন, ‘আমাদের সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার একটি ঐতিহ্য ছিল। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে সেনাপ্রধান, বিচারপতি বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের নিয়ে কুৎসা ও অপপ্রচার চালানো হচ্ছে, তা উদ্বেগজনক।’

তার মতে, ছোট ছোট অপপ্রচারকে গুরুত্ব না দিলে তা ধীরে ধীরে একটি সংস্কৃতিতে পরিণত হতে পারে। তিনি বলেন, ‘একটি গোষ্ঠী যখন বারবার দায়মুক্তি পায়, তখন তারা কাউকেই আর রেহাই দিতে চায় না। সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা সেই নৈরাজ্যেরই প্রতিফলন দেখছি।’

লক্ষ্য কি অস্থিতিশীলতা?

নিরাপত্তা ও অপরাধ বিশ্লেষক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক বলেন, অপপ্রচারের পেছনে ব্যক্তি আক্রোশ, রাজনৈতিক মতাদর্শ ও গোষ্ঠীগত স্বার্থ; সবই ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন তথ্য ছড়ায়, যাতে ব্যক্তি বিশেষকে হেয় করা যায়, বাহিনীর মনোবল ক্ষুণ্ন হয় এবং সমাজে রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়। তার মতে, অপতথ্য শুধু ব্যক্তি বা কোনও বাহিনীকে লক্ষ্য করেই থেমে থাকে না; দীর্ঘমেয়াদে তা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে জনআস্থাও দুর্বল করতে পারে।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
সরকারি নির্দেশে পোস্টের রিচ কমালে ব্যবহারকারীকে জানিয়ে দেবে এক্স
জাপান গেলেন সেনাপ্রধান
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ
সর্বশেষ খবর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত