এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ

ইমরান আলী
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৯ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিরাঙ্গন বা ল্যান্ডসাইড এলাকায় দায়িত্ব পালনরত এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মকর্তা ও সদস্যদের দায়িত্ব ও কার্যপদ্ধতির লিখিত বিবরণ (এসওপি) চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী ২৬ অক্টোবর থেকে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরাপত্তা অডিট সামনে রেখে এ তথ্য চাওয়া হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদের সই করা চিঠিতে ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) বা কার্যপদ্ধতি চূড়ান্ত করে জমা দিতে বলা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, গত ২০ সেপ্টেম্বর চিঠিটি দেওয়া হলেও ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এপিবিএন কর্তৃপক্ষ বিবরণ জমা দেয়নি। নির্ধারিত সময়ের মধ্যে তা পাওয়া গেলে বিমানবন্দর কর্তৃপক্ষ সেটি বেসামরিক বিমান চলাচল সদরদফতরে পাঠাবে। সেখান থেকে অনুমোদনের পর তা আবার বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আসবে।

বিমানবন্দর সূত্র আরও জানায়, এর আগে এ ধরনের বিবরণ চাওয়া হলেও এপিবিএনের পক্ষ থেকে তা দেওয়া হয়নি। মোতায়েনের শুরুর দিকে একবার এই ধরনের বিবরণ দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘদিন ধরে চাওয়া হলেও তা সরবরাহ করা হয়নি।

শাহজালাল বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) পরিচালক উইং কমান্ডার আশফাক ওয়ালী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের বিমানবন্দরের নির্বাহী পরিচালক এপিবিএনের কাছে তাদের দায়িত্ব পালনের বিষয়ের লিখিত বিবরণ চেয়েছেন। তারা এখনও এই বিবরণ দেয়নি। যেহেতু ৩০ সেপ্টেম্বর ডেটলাইন রয়েছে, আমরা আশা করছি তারা দেবে।’

তিনি বলেন, ‘সামনে আইকাওয়ের অডিট। বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। বিমানবন্দরের রেটিংয়ে এটি যথেষ্ট ভূমিকা পালন করে। এই বিমানবন্দরে কারা কীভাবে দায়িত্ব পালন করে, অডিটে সেটিও থাকবে। এপিবিএন বিমানবন্দরের বহিরাঙ্গনে কী এবং কীভাবে দায়িত্ব পালন করে, তার লিখিত বিবরণ আমাদের কাছে থাকা প্রয়োজন।’

এভসেক পরিচালক বলেন, নিরাপত্তার বিষয়গুলো এক থেকে দুই বছর পরপর হালনাগাদ করা হয়। নতুন নতুন হুমকি ও প্রক্রিয়ার কারণে প্রয়োজন অনুযায়ী পরামর্শ দেওয়া হয়। শুধু এপিবিএন নয়, এয়ারলাইন্সসহ অন্যান্য সংস্থার কাছ থেকেও দায়িত্ব পালনের বিবরণ চাওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের চিঠিতে বলা হয়েছে, আগামী ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত আইকাওয়ের অন-সাইট নিরাপত্তা অডিট অনুষ্ঠিত হবে। এতে বিমানবন্দরের নিরাপত্তা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কতটা কার্যকর, তা পর্যালোচনা করা হবে।

চিঠিতে আরও বলা হয়, যুক্তরাজ্যের পরিবহন বিভাগ (ডিএফটি) শাহজালাল বিমানবন্দরের ল্যান্ডসাইড নিরাপত্তা জোরদারে জাতীয় বেসামরিক বিমান নিরাপত্তা কর্মসূচি ও বিমানবন্দর নিরাপত্তা কর্মসূচির আলোকে একটি সুনির্দিষ্ট এসওপি তৈরির সুপারিশ করেছে।

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিমান চলাচল নিরাপত্তা তদারকির একক কর্তৃপক্ষ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আইন অনুযায়ী বিমানবন্দরে নিয়োজিত বিভিন্ন সংস্থার নিরাপত্তাসংক্রান্ত দায়িত্ব বণ্টনের ক্ষমতাও বেবিচকের হাতে। সেই অনুযায়ী ল্যান্ডসাইডের নিরাপত্তার মূল দায়িত্ব এপিবিএনের ওপর রয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিমানবন্দরের বহিরাঙ্গন বা ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা আরও সুসংহত, সমন্বিত ও জবাবদিহিমূলক করতে এপিবিএনকে জরুরি ভিত্তিতে এসওপি চূড়ান্ত করে জমা দিতে হবে।

এয়ারপোর্ট আর্মড পুলিশের অধিনায়ক শেখ বশির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।’

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে এপিবিএন সদস্যদের দায়িত্বে অবহেলার কারণে বিমানবন্দরের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসে। বিষয়টি বিমানবন্দর সংক্রান্ত জাতীয় কমিটিতেও আলোচনা হয়েছে এবং এ বিষয়ে এপিবিএনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
হাতিরঝিলে বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টা, হাতেনাতে আটক ৩
রাজধানী ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৮, পিপুল মাদকদ্রব্য উদ্ধার
সূত্রাপুরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন: নিহত বেড়ে ২
সর্বশেষ খবর
নামাজ পড়া অবস্থায় মুসল্লিকে ছুরিকাঘাত, বাঁচাতে আসা বাবাও আহত
নামাজ পড়া অবস্থায় মুসল্লিকে ছুরিকাঘাত, বাঁচাতে আসা বাবাও আহত
নিউ ইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, লেখক-অভিনেত্রীসহ আটক ১০৩
নিউ ইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, লেখক-অভিনেত্রীসহ আটক ১০৩
মিয়ানমারে পাচার করা হচ্ছিল সার, ৪ ট্রাকসহ আটক তিন
মিয়ানমারে পাচার করা হচ্ছিল সার, ৪ ট্রাকসহ আটক তিন
চীনের ‘পান্ডা’ কূটনীতি কি?
চীনের ‘পান্ডা’ কূটনীতি কি?
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
ইলিশের সংকট কোথায়
ইলিশের সংকট কোথায়