রাজধানীর শ্যামপুরের জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে আনুমানিক ১৬ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শ্যামপুর থানার এসআই মো. কামাল হোসেন জানান, শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে খবর পেয়ে টয়লেটের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে বিকালের দিকে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে এটি একজন পুরুষের (বয়স আনুমানিক ১৬ বছর) বলে ধারণা করা হচ্ছে। তার পরনে একটি হাফপ্যান্ট ও টি-শার্ট ছিল। তবে লাশটি অর্ধগলিত হওয়ায় পোশাকের মূল রং বোঝা যায়নি।
তিনি আরও জানান, লাশের মাথার অংশ কঙ্কাল হয়ে গেছে এবং ডান কপালে ফাটা চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। শরীরের বাকি অংশও পচে বিকৃত হয়ে গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ আলামত হিসেবে একটি রশি ও চুল উদ্ধার করেছে।
ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।