আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে কিছু তথ্য পেয়েছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ অক্টোবর ২০২৬, ১৮:১৭ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৮:১৭

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে চলমান অনুসন্ধান সম্পর্কে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান জানিয়েছেন, আসিফ মাহমুদের বিষয়ে বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। এরই মধ্যে কিছু তথ্য পাওয়া গেছে। আরও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কার্যক্রম চলছে। প্রাপ্ত তথ্য পর্যালোচনা এবং অভিযোগের বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে দুদকের সাম্প্রতিক কার্যক্রমের তথ্য তুলে ধরে তিনি এসব কথা বলেন।

সংস্থাটির মহাপরিচালক জানান, নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের পর ৪১ দিনে ১২১টি মামলা ও ৬১টি অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুদক। একই সময়ে দুর্নীতির অভিযোগে সম্পদ ক্রোক, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা এবং দেশজুড়ে অভিযানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে সংস্থাটি। কিন্তু ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ আলোচিত ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে। দুদকে কোনও ফাইল আটকে নেই, কোনও মামলাও থেমে নেই।

ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক জানান, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর গত ২০ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ৪১ দিনে ১২১টি মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে। একই সময়ে ৬১টি মামলার অভিযোগপত্র বা চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন। এছাড়া দেশজুড়ে ৬১টি এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা এবং একটি ফাঁদ মামলা করা হয়েছে।

একই  সময়ে আদালতের মাধ্যমে দুর্নীতির অভিযোগসংশ্লিষ্ট ৬৮ ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক কিংবা অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে। একইসঙ্গে ২২ জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে সাংবাদিকরা জানতে চান, বিগত সরকারের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে, সেগুলোর বর্তমান অবস্থা কী। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে চলমান অনুসন্ধান এবং মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চান সাংবাদিকরা।

জবাবে দুদকের মহাপরিচালক বলেন, বিভিন্ন অভিযোগের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। কিছু অভিযোগের ক্ষেত্রে যৌথ তদন্ত দল বা জেআইটির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব দলের কার্যক্রমও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, অনুসন্ধান ও তদন্ত কর্মকর্তারা বিভিন্ন উৎস থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করছেন। প্রয়োজনীয় সাক্ষ্যগ্রহণ এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের কাজও চলছে। আইন অনুযায়ী, সব প্রক্রিয়া অনুসরণ করেই কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের অনুসন্ধানের দায়িত্বে পৃথক কর্মকর্তা রয়েছেন। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এ বিষয়ে সাংবাদিকদের জানানো হবে।

অপর এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাজমুল হাসান বলেন, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর খুব বেশি সময় পার হয়নি। এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে যেসব উল্লেখযোগ্য কার্যক্রম হয়েছে, সেগুলোর তথ্যই ব্রিফিংয়ে তুলে ধরা হয়েছে। তিনি জানান, কমিশনের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম নিজস্ব গতিতে চলছে। কোনও ফাইল আটকে নেই এবং কোনও মামলার কার্যক্রমও থেমে নেই।

বেনজীরকে ফেরাতে দুই মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কী অগ্রগতি হয়েছে এমন প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে দুদকের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ও সংশ্লিষ্ট। প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ বিষয়ে নতুন কোনও অগ্রগতি হলে তা সাংবাদিকদের জানানো হবে। তবে বেনজীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া বর্তমানে কোন পর্যায়ে রয়েছে কিংবা কবে নাগাদ তা বাস্তবায়ন হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য দেননি তিনি।

সংসদ ভবনের প্রযুক্তি ব্যবস্থাপনায় শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ

এদিকে জাতীয় সংসদ ভবনের প্লেনারি হলে স্থাপিত এসআইএস সিস্টেম পরিচালনা, মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণের নামে শতকোটি টাকা সরকারি অর্থ আত্মসাৎ এবং বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদকের তথ্য অনুযায়ী, বিগত সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগসাজশে এসব অনিয়মের অভিযোগ উঠেছে কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুর রহিম জোয়ারদারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়েছে, জাতীয় সংসদ ভবনের প্রযুক্তিগত ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের কাজের নামে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ এবং বিদেশে পাচার করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে।

স্বাস্থ্য খাতে আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ

জাতীয় সংসদ ভবনের প্রযুক্তি ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ ছাড়াও স্বাস্থ্য খাতে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটার মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে জাহিদুর রহিম জোয়ারদারের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। প্রভাব খাটিয়ে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম এবং ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দুদক।

সাবেক এমপি রশীদুজ্জামানের বিরুদ্ধে মামলার অনুমোদন

অন্যদিকে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামানের বিরুদ্ধে জ্ঞাতআয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে রশীদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় একটি মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

/জেইউ/আইএএম/
সম্পর্কিত
শেখ হাসিনা ও বেনজীরের অনুসন্ধান নিয়ে নতুন করে যা জানালো দুদক
রাতের আঁধারে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ
৯০ কোটি টাকার খালি চেক, ওয়াসার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দুদকের তল্লাশি
সর্বশেষ খবর
যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্ন ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেফতার
যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্ন ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেফতার
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
সমুদ্রসম্পদ দেশের সার্বিক উন্নয়নে কাজে লাগাতে সরকার অঙ্গীকারবদ্ধ
সমুদ্রসম্পদ দেশের সার্বিক উন্নয়নে কাজে লাগাতে সরকার অঙ্গীকারবদ্ধ
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’