রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরে রেস্টুরেন্টে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মুজাহিদ (২২) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেক্টরটির আই ব্লকের একটি রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত মুজাহিদকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুজাহিদের সহকর্মী বিশ্বজিৎ জানান, তারা দুজন উত্তরার ১৭ নম্বর সেক্টরে বালি রেস্টুরেন্টের সামনে কাজ করছিলেন। এ সময় মুজাহিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মুজাহিদ বরিশালের রাজাপুর উপজেলার নিজখালুয়া গ্রামের ইলিয়াস হাওলাদারের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মুজাহিদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।