রাজধানীর কদমতলীর জুরাইন নবারন গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে একজন সেনেটারি মিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাস্তায় ওপরেই প্রাণ হারান তিনি।
পুলিশ জানায়, সংবাদ পেয়ে কদমতলী থানার উপপরিদর্শক এসআই মিঠুন মণ্ডল জুরাইন নবারন গলি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে রাত পোনে ১১টায় মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। তার শরীরের দু’পা ও পিঠেসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে।
তবে কে বা কারা, কী কারণে তাকে কুপিয়েছে এবং সে সেখানে কেন গিয়েছিল- তৎক্ষাণিকভাবে পরিবারের লোকজন কিছুই জানাতে পারেননি।
ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।
নিহত মিন্টু মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চর ফতিবাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। তিনি বর্তমানে কেরানীগঞ্জে হাসনাবাদ মোকাম পাড়া মসজিদের পাশে ভাড়া বাসায় থাকতেন।