নাশকতা ছড়াচ্ছে ঢাকার বাইরেও, সংঘাতের শঙ্কা

মহসীন কবির
১৮ নভেম্বর ২০২৬, ০০:০১ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০০:০১

রাজধানীর বাইরে ছড়িয়ে পড়েছে নাশকতা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ, বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও আগুন, ফরিদপুরের ভাঙ্গায় সড়ক অবরোধ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে মঙ্গলবার (১৭ নভেম্বর)। একই দিন রাজধানীতেও বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটেছে। এর মধ্যে দেশের বাইরে অবস্থানরত সাবেক এক মন্ত্রীর উসকানিমূলক বক্তব্যসংবলিত অডিও ক্লিপ ছড়িয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সব মিলিয়ে দেশে নতুন করে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

এক মাসেরও বেশি সময় ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিও ক্লিপের একটি অংশে বলতে শোনা যায়, প্রত্যেক ইউনিয়নে দুই থেকে তিনটি করে বাড়ি পুড়িয়ে দিতে হবে। প্রয়োজনে মারধর ও হত্যাও করতে হবে। সরকারি দল বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রতি ইঙ্গিত করে এসব মন্তব্য করা হয়।

মঙ্গলবার রাত ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এতে গুরুতর আহত রাজু মোল্লাকে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার বাকপুড়া এলাকার মুক্তার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের পুরোনো বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় মাইকে ঘোষণা দিয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এ সময় হামলাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। এর আগে দুপুরে চট্টগ্রামের খাতুনগঞ্জে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে লাঠিসোঁটা নিয়ে বিএনপির এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

রাজধানীতেও মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, দেশ আবারও বড় ধরনের রাজনৈতিক অস্থিরতার দিকে যাচ্ছে কি না। পরিস্থিতির অবনতি হলে ক্ষমতাসীন দল বিএনপি ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সংগঠন এনসিপি কী পদক্ষেপ নেবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। নাশকতা ঠেকাতে তারা স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালন করবে, নাকি দলীয় নেতাকর্মীদের মাঠে নামাবে, সেই প্রশ্নও সামনে এসেছে।

দল দুটির একাধিক নেতা জানিয়েছেন, ডিসেম্বরে তারা মূলত স্বাভাবিক কর্মসূচিতেই নেতাকর্মীদের ব্যস্ত রাখতে চান। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রশাসন ব্যবস্থা নেবে। তবে পরিস্থিতি বিবেচনায় সময়োপযোগী রাজনৈতিক কর্মসূচি নেওয়া হবে।

সম্প্রতি রাজধানীতে একটি অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, নাশকতাকারীদের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পাড়া-মহল্লায় ব্যারিকেড সৃষ্টি করে প্রতিরোধ করবেন।

রাজনৈতিক নেতাদের এমন বক্তব্য ঘিরে নতুন করে সংঘাতের আশঙ্কাও তৈরি হয়েছে। রাজনীতিবিদ ও বিশ্লেষকদের কেউ মনে করছেন, নাশকতা প্রশাসনিকভাবেই মোকাবিলা করতে হবে। রাজনৈতিক দলগুলো কর্মসূচি দিতে চাইলে তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, অডিও ক্লিপের বিষয়টি তার জানা নেই। ডিসেম্বরে এমনিতেই রাজনৈতিক নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকেন। তারপরও চলমান পরিস্থিতিতে কোনও ধরনের সংঘাতময় পরিবেশ তৈরি হবে কি না, তা এখনই বলা সম্ভব নয়।

নতুন সংঘাতের আশঙ্কা

ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি এবং শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা।

তাদের মতে, রাজনৈতিক দলগুলোর নীতিনির্ধারকরা এ বিষয়ে দায়িত্বশীল পদক্ষেপ না নিলে গণতান্ত্রিক ধারা ব্যাহত হতে পারে। সৃষ্টি হতে পারে অরাজক পরিস্থিতি। এ জন্য সব পক্ষকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতিপক্ষের বিরুদ্ধে কোনও সাবেক মন্ত্রীর অডিও ক্লিপে কী আছে, তা তিনি বলতে চান না। প্রযুক্তির যুগে অনেক কিছুই সঠিক নাও হতে পারে। তারপরও কেউ এমন কথা বলে থাকলে তা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ক্ষমতাসীন দল বা বিদ্যমান রাজনৈতিক শক্তি যদি কোনও ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়, সেটিও সঠিক হবে না। আইনসঙ্গত কোনও রাজনৈতিক দল নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে। তবে কাউকেই সহিংস হওয়ার সুযোগ দেওয়া যাবে না। এমনটি হলে প্রতিহিংসা চলতে থাকবে এবং গণতন্ত্র ব্যাহত হতে পারে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজনীতি বিশ্লেষক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ কোনও দলের সাবেক মন্ত্রী এ ধরনের উসকানিমূলক বক্তব্য দিয়ে থাকলে তা অবশ্যই অগ্রহণযোগ্য। আতঙ্কিত পরিবেশ সৃষ্টি করতেই এমন বক্তব্য দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি। এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে তাদের ফিরে আসার পথ বন্ধ হয়ে যাবে এবং নেতাকর্মীরা আরও গণবিচ্ছিন্ন হয়ে পড়বেন। এতে তাদের জন্য পরিস্থিতি বুমেরাং হতে পারে।

সাইফুল হক বলেন, নাশকতা প্রতিরোধে ক্ষমতাসীন দল বিএনপি বা বিরোধী দল এনসিপি গঠনমূলক কর্মসূচি দিতে পারে। তবে দেশে সুস্থ রাজনৈতিক ধারা অব্যাহত রাখতে প্রতিটি দলকেই সহনশীলতার পরিচয় দিতে হবে।

প্রশাসনের ওপর দায়িত্ব ছেড়ে দিতে চায় এনসিপি

ডিসেম্বরকে ঘিরে কোনও বিশেষ দলকে ঠেকাতে এখন পর্যন্ত কোনও কর্মসূচি ঘোষণা করেনি জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল এনসিপি। তবে বিজয় দিবস উদযাপনসহ দলীয় একাধিক কর্মসূচি পালন করবে দলটি। একাধিক নেতা জানিয়েছেন, আপাতত কাউকে ঠেকানো বা কারও কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় তারা রাজপথে থাকবেন না। দেশকে অস্থিতিশীল করতে কোনও গোষ্ঠী তৎপরতা চালালে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রশাসনের ওপরই ছেড়ে দিতে চান তারা।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার বাংলা ট্রিবিউনকে বলেন, অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব প্রশাসনের। তাদের ঠেকানো বা প্রতিহত করা দলটির কাজ নয়। এ নিয়ে তাদের আলাদা কোনও কর্মসূচিও নেই। সন্ত্রাসীরা সীমা লঙ্ঘন করলে জনগণই তাদের প্রতিহত করবে।

কী ধরনের প্রস্তুতি বিএনপির?

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বা যেকোনও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা আগেই দিয়েছে বিএনপি। তবে প্রশাসনের ভেতরে থাকা কর্মকর্তাদের বিষয়ে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। এরই মধ্যে কিছু কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত ১৫ নভেম্বর ঢাকার একটি অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, নাশকতা দমনে পাড়া-মহল্লায় সক্রিয় থাকবেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক যুগ্ম মহাসচিব বাংলা ট্রিবিউনকে বলেন, যেকোনও অগণতান্ত্রিক শক্তিকে মোকাবিলায় তারা ইতোমধ্যে মাঠে রয়েছেন। প্রায় প্রতিদিন দেশের কোথাও না কোথাও সভা-সমাবেশ করছেন। সন্দেহভাজন নাশকতাকারীদের বিষয়ে প্রশাসনকে অবহিত করছেন নেতাকর্মীরা। যেকোনও মূল্যে তারা দেশকে স্থিতিশীল রাখতে চান। প্রয়োজনে ফ্যাসিবাদবিরোধী অন্যান্য দলকেও পাশে চাইবেন।

সামনের সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি ও দেশের বাইরে থাকা কয়েকজন নেতার হুমকির বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বাংলা ট্রিবিউনকে বলেন, যেকোনও নাশকতা নিয়ন্ত্রণের দায়িত্ব প্রশাসনের। তবে জনগণের জানমাল রক্ষা ও রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক রাখতে বিএনপি মাঠে থাকবে। ঢাকা থেকে শুরু করে জনসচেতনতা বৃদ্ধি, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীরা ব্যস্ত রয়েছেন।

তিনি জানান, ডিসেম্বরে বিজয় দিবস এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী সামনে রেখে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন। তবে সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেবেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও পুলিশের বক্সে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে। তবে কয়েকটি ককটেল বিস্ফোরণ কিংবা দু-একটি গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের যাত্রা থামানো যাবে না।’

উসকানিতে পা না দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সংসদে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এই দেশে হুমকিধামকি দিয়ে আগুন লাগিয়ে, টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে যদি আওয়ামী শক্তি মনে করে তাদের শক্তি প্রদর্শিত হলো, তাহলে আমরা প্রমাণ করে দেবো এই বাংলাদেশ আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে। আমি হয়তো টুঙ্গিপাড়াবাসীর মনে আঘাত দিলাম। কিন্তু এটা আমি বলতে বাধ্য হচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি গোপালগঞ্জের সাধারণ মানুষ আপনারা আমাদের গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকুন। আপনারা কিছু সংখ্যক দুষ্কৃতিকারী সীমান্তের ওপার থেকে যারা উসকানি দিচ্ছে, তাদের এসব পাতা ফাঁদে পা দেবেন না।’

বিরোধীদলীয় নেতার এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এক টুঙ্গিপাড়া থানাতেই ২০০ পুলিশ সদস্য আছে, দুইজন এডিশনাল এসপি আছেন, একজন এএসপি আছেন এবং একজন ওসি আছেন। আমরা যদি হুকুম দিতাম এখানে এই বৈঠক (সংসদ অধিবেশন) থেকে বসে, তারা অনেক মানুষকে হতাহত করতো। আমরা সেটা চাই না। চার-পাঁচ কিলোমিটার দূরে আমাদের এসআরবি, বিজিবি, পুলিশসহ সবাই অপেক্ষা করছে। তারা বোঝানোর চেষ্টা করছে সাধারণ মানুষজনদের। আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের যা কিছু বলার আপনারা বলে বাড়িতে যান। অন্যথায় আমরা কঠোর হতে বাধ্য হবো। কিন্তু মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানা আক্রমণ করার জন্য যারা আহ্বান জানিয়েছেন, তারা যদি মনে করে তাদের রেকর্ড, ভিডিও ফুটেজ-অডিও আমাদের কাছে নাই; তারা ভুল করবে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আজ হোক কাল হোক ভিডিও ফুটেজ দেখে, অডিও দেখে, শনাক্ত করে, ফটো দেখে যারা থানায় হামলা করেছে, যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গায়ে হাত দিয়েছে অথবা আক্রমণ করেছে, যারা গাড়ি জ্বালিয়েছে, বিনা কারণে রাজপথে মানুষকে কষ্ট দিয়েছে, আন্দোলনের নামে যারা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছে, তাদের প্রত্যেককে আইনের হেফাজতে নেওয়া হবে।’

/এপিএইচ/ইউএস/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল বিস্ফোরণ
বনানীতে পুলিশ বক্সে ককটেল
পল্লবী ও মহাখালীতে বাসে আগুন
সর্বশেষ খবর
আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ভ্যাট রিটার্ন দাখিলে আগের বিধান বহালে সংসদে বিল
ভ্যাট রিটার্ন দাখিলে আগের বিধান বহালে সংসদে বিল
মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল বিস্ফোরণ
মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল বিস্ফোরণ
যৌথবাহিনীর অভিযানের মধ্যেই খুলনায় ব্যবসায়ীসহ দুজনকে গুলি, হাসপাতালে ভর্তি
যৌথবাহিনীর অভিযানের মধ্যেই খুলনায় ব্যবসায়ীসহ দুজনকে গুলি, হাসপাতালে ভর্তি
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক