মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়া ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী। একইসঙ্গে, এ ধরনের ঘটনাকে মিসক্যারেজ অব জাস্টিস বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধে আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন সাজার বিরুদ্ধে করা আপিলের শুনানিতে তিনি এমন মন্তব্য করেন। আজও এ মামলার শুনানি চলমান রয়েছে।
শুনানিতে আপিল বিভাগে প্রশ্ন ওঠে, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৩ বছরের একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়?
এর আগে ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুর জেলার নকলা উপজেলার তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনাল। আসামিরা হলো– আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা ও এ কে এম আকরাম হোসেন। তারা এই সাজার বিরুদ্ধে আপিল করেন। তিন জনই বর্তমানে কারাগারে আছেন।
নকলার চার জনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। কিন্তু আমিনুজ্জামানের বয়স এত কম হওয়ার পরও এমন বিচার নিয়েই প্রশ্ন তুললেন আপিল বিভাগ।