রাজধানীর মতিঝিল থেকে খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের খুলনা মহানগরের সাবেক সহ-সভাপতি এবং লালবাগ থেকে বাগেরহাটের রামপাল থানার এক ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনির হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক খুলনার যুবলীগ নেতার নাম কাজি তালাত হোসেন। শনিবার রাত ১১টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কাজী তালাতকে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয় বলেও জানা গেছে। পরে তাকে মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কাজী তালাত হোসেনের বাড়ি খুলনার খালিশপুর হাউজিং এস্টেটের নয়াবাটি এলাকায়। তিনি খুলনা মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। পাশাপাশি খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, শনিবার রাতে কাজি তালাত হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ দিকে, রাজধানীর লালবাগে বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতিকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। তার নাম হাওলাদার মানিক (৩৮)।
লালবাগ থানা সূত্রে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে লালবাগ থানাধীন ঢাকেশ্বরী রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। মানিক বাগেরহাট জেলার রামপাল থানার বাঁশতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।