তাহসিফের মৃত্যুরহস্য: ৪০ জনের বক্তব্য নিয়ে কী পেলেন তদন্তকারীরা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৬, ১৮:৫৯ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৮:৫৯

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির মৃত্যুর আগে ও পরে কী ঘটেছিল, তা জানতে অন্তত ৪০ জনের বক্তব্য নিয়েছেন তদন্তকারীরা। যাচাই-বাছাই করা হচ্ছে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য। তবু বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির মৃত্যুর রহস্যের জট খুলতে পারেননি তদন্তকারীরা। হত্যাকাণ্ড, আত্মহত্যা নাকি নিছক দুর্ঘটনা। কোনও বিষয়েই এখনও নিশ্চিত হতে পারেনি তদন্তকারী সংস্থা নৌ পুলিশ। মরদেহ উদ্ধারের এক মাস পেরিয়ে গেলেও তদন্তকারীদের অপেক্ষা এখন ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য।

নৌ পুলিশ বলছে, তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে শুধু চিকিৎসাবিজ্ঞানের তথ্যের ওপর নির্ভর না করে ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি ও তদন্তে পাওয়া তথ্য প্রমাণের সমন্বয়ে মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পে নিজেদের বাসার নিচ থেকে আহমেদ শাহরিয়ার দীপের মোটরসাইকেলে করে বের হন তাহসিফ। পরে পূর্বপরিচিত এক তরুণীকে নিয়ে উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বারে যান তিনি। সেখানে দীপও উপস্থিত ছিলেন।

পরদিন ২৮ অক্টোবর বিকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে নৌ পুলিশ খবর পায়, উত্তরখান থানার রাজবাড়ি ঘাটসংলগ্ন তুরাগ নদে এক ব্যক্তির মরদেহ ভাসছে। মরদেহ উদ্ধারের পর তার ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে পরিচয় শনাক্ত করা হয়। তিনি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরি (২৮)।

সুরতহাল প্রতিবেদনে যা রয়েছে

মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তাহসিফের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। মাথায় কালো চুল, মুখে ছোট ছোট কালো দাড়ি ও গোঁফ ছিল। চোখ ও মুখ বন্ধ ছিল। নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। দুই হাত মাথার সামনে বাঁকানো ও মুষ্টিবদ্ধ অবস্থায় ছিল। পেট ছিল ফোলা।

প্রতিবেদন অনুযায়ী, মরদেহের বুক, পেট, পিঠ, দুই পা ও যৌনাঙ্গ স্বাভাবিক ছিল। শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উদ্ধারের সময় তার পরনে ছিল কালো রঙের ফুলহাতা কাবলি শার্ট ও সাদা ট্রাউজার। তবে সুরতহালে বাহ্যিক আঘাতের চিহ্ন না পাওয়ার তথ্য দিয়ে মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

পরীক্ষাগারে পাঠানো হয়েছে চার ধরনের নমুনা

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক নাশাত জাবীন সাংবাদিকদের জানিয়েছেন, তাহসিফের পাকস্থলী, লিভার, কিডনি ও রক্তের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার ফল পাওয়া গেলে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে। তখন মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে। তবে তাহসিফের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল কি না, সে বিষয়ে মন্তব্য করেননি এই চিকিৎসক।

তদন্তকারীদের বিবেচনায় তিন সম্ভাবনা

তদন্তসংশ্লিষ্টরা বলছেন, ময়নাতদন্তের প্রতিবেদন তদন্তের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলেও মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ঘটনার আগে ও পরে কী ঘটেছিল সেটিও জানা জরুরি। ইতোমধ্যে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সেসব তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে। এ পর্যন্ত অন্তত ৪০ জনের বক্তব্য ও সাক্ষ্য নেওয়া হয়েছে।

মামলার তদন্ত কার্যক্রম তত্ত্বাবধানকারী নৌ পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি রেজাউল করিম জানান, হত্যা, আত্মহত্যা ও দুর্ঘটনা- তিনটি সম্ভাবনাই বিবেচনায় রেখে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এখনও হাতে আসেনি। সেটি পাওয়ার পর তদন্তে প্রাপ্ত তথ্যের সঙ্গে মিলিয়ে সবকিছু পর্যালোচনা করা হবে। এরপর তদন্তের ফল জানানো হবে এবং আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।

এদিকে তাহসিফের বাবা একেএম এনায়েতুল করিমের করা হত্যা মামলায় তার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত স্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার দীপ এবং পূর্বপরিচিত এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

/এসএনকে/জেইউ/আইএএম/
সম্পর্কিত
তাহসিফের সেই বান্ধবী ‘অত্যন্ত চতুর প্রকৃতির’, শুনানিতে আরও যা বললো রাষ্ট্রপক্ষ
তাহসিফের মৃত্যু: বান্ধবীর আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
তাহসিফকে সেই বারে রেখে ২০ মিনিট কোথায় ছিলেন দীপ 
সর্বশেষ খবর
অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত
অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত
অগ্নিসংযোগ-হামলায় বিপর্যস্ত গ্রামীণ ব্যাংক, কী পদক্ষেপ নিচ্ছে সরকার
অগ্নিসংযোগ-হামলায় বিপর্যস্ত গ্রামীণ ব্যাংক, কী পদক্ষেপ নিচ্ছে সরকার
গুজরাটের ‘রোড টু হেভেন’, যেখানে বিরতি নিয়েছিলেন দিলজিৎ
গুজরাটের ‘রোড টু হেভেন’, যেখানে বিরতি নিয়েছিলেন দিলজিৎ
এবার বাবারাও পাবেন ১৫ দিনের ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের
এবার বাবারাও পাবেন ১৫ দিনের ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব