রাজধানীর পল্লবীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি বাড়ির এক ভাড়াটিয়ার ধারালো অস্ত্রের আঘাতে আরেক ভাড়াটিয়া আনোয়ার (৩০) নিহত হয়েছেন। নিহত আনোয়ার বুটিক্স কারখানার কর্মচারী ছিলেন।
শনিবার (২৮ নভেম্বর) রাতে মিরপুর ৬ নম্বর সেকশনে ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাত সোয়া ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
হাসপাতালে নিয়ে যাওয়া সাকিব জানিয়েছেন, মিরপুর ৬ নম্বর সেকশনের আদর্শ স্কুলের পিছনে একটি ভাড়া বাসায় বাথরুম ব্যাবহার নিয়ে দুই ভাড়াটিয়া নারীর মধ্যে ঝগড়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা নারী আরজু বেগমের স্বামী আনোয়ারের সাঙ্গেও ঝগড়া হয়।
তিনি বলেন, ঘটনার জের ধরে ভাড়াটিয়া নারী তার ছেলে আরিফসহ কয়েকজন মিলে আনোয়ারকে মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের আঘাত করেন তারা। এতে গুরুতর জখম হন আনোয়ার। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
নিহত আনোয়ার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাল্লা গ্রামের মাইনুর রহমানের ছেলে।