গ্রীষ্মের তীব্র গরমে এক গ্লাস ঠান্ডা পানীয় শরীর ও মনে এনে দিতে পারে প্রশান্তি। মৌসুমি ফল অরবরই দিয়ে তৈরি করা যায় এমনই এক টক-মিষ্টি, সতেজ ও সহজ পানীয়। অরবরইয়ে রয়েছে ভিটামিন সি ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। পাশাপাশি এতে থাকা পানি ও কিছু খনিজ উপাদান গরমে শরীরের তরলের চাহিদা পূরণে সহায়ক হতে পারে। তবে এটি পানিশূন্যতার চিকিৎসার বিকল্প নয়। প্রচণ্ড গরমে পর্যাপ্ত পানি পান করাও জরুরি।
কাঁচামরিচ, পুদিনা ও ভাজা জিরার হালকা ঝাঁজ আর অরবরইয়ের টক স্বাদের সঙ্গে চিনি মিশে তৈরি করবে দারুণ এক সতেজ পানীয়। অল্প সময়েই তৈরি করা যায় বলে গরমের দিনে অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের জন্যও এটি হতে পারে চমৎকার পছন্দ।
অরবরইয়ের শরবত তৈরিতে যা লাগবে
অরবরইয়ের শরবত তৈরিতে অরবরইয়ের শরবত তৈরিতে লাগবে- অরবরই ২ কাপ, কাঁচামরিচ ২টি, পুদিনাপাতা ২ টেবিল চামচ, বিট লবণ আধা চা-চামচ, লবণ ১ চা-চামচ, চিনি ১ কাপ, জিরা গুঁড়া সামান্য, পানি ৬ কাপ ও বরফ কুচি পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
প্রথমে অরবরই ভালোভাবে ধুয়ে নিন। এরপর অরবরই, কাঁচামরিচ, পুদিনাপাতা, বিট লবণ, লবণ, চিনি, জিরা গুঁড়া ও পানি একসঙ্গে ব্লেন্ড করে নিন।
মিশ্রণটি ভালোভাবে মসৃণ হয়ে এলে চাইলে ছেঁকে নিতে পারেন। এতে পানীয়টি আরও স্বচ্ছ ও মসৃণ হবে। এরপর গ্লাসে ঢেলে প্রয়োজনমতো বরফ কুচি দিন।
ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন টক-মিষ্টি অরবরইয়ের সতেজ শরবত।
ছোট্ট টিপস
চিনি পরিমাণমতো ব্যবহার করুন। আরও সতেজ স্বাদের জন্য কয়েকটি পুদিনাপাতা বা অরবরইয়ের ছোট টুকরা দিয়ে পানীয়টি সাজিয়ে পরিবেশন করা যেতে পারে।









