টক, ঝাল আর সুগন্ধি মসলার দারুণ সমন্বয়ের কারণে থাই খাবারের মধ্যে টম ইয়ামের জনপ্রিয়তা বেশ আলাদা। রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার বদলে চাইলে খুব সহজেই ঘরে তৈরি করতে পারেন চিংড়ি ও মাশরুমের মজাদার টম ইয়াম স্যুপ। অল্প কিছু উপকরণ আর সহজ রান্নার কৌশলেই তৈরি হবে গরম গরম সুস্বাদু এই থাই পদ।
উপকরণ
এই স্যুপ তৈরির জন্য লাগবে ২৫০ গ্রাম চিংড়ি, এক টুকরা থাই আদা, চারটি মাশরুম, দুটি লেমনগ্রাস, একটি বড় পেঁয়াজ এবং চারটি থাই লেবুপাতা। এর সঙ্গে প্রয়োজন হবে এক চা চামচ স্বাদ লবণ, তিন টেবিল চামচ ফিশ সস, দুই টেবিল চামচ লেবুর রস, পরিমাণমতো লবণ, এক টেবিল চামচ বা স্বাদ অনুযায়ী চিনি, আধা চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, একটি শুকনা মরিচ, এক টেবিল চামচ ধনেপাতা কুচি, দুই টেবিল চামচ কার্নেশন মিল্ক, দুই টেবিল চামচ টম ইয়াম পেস্ট এবং পাঁচ কাপ স্টক। থাই আদা, মাশরুম, লেমনগ্রাস, পেঁয়াজ ও লেবুপাতা ছোট টুকরো করে কেটে রাখতে হবে।
প্রণালি
প্রথমে একটি পাত্রে পাঁচ কাপ স্টক গরম করে নিতে হবে। স্টক গরম হয়ে এলে এতে পর্যায়ক্রমে থাই আদা, লেমনগ্রাস, লেবুপাতা, পেঁয়াজ, মাশরুম ও শুকনা মরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে।
এরপর টম ইয়াম পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার চিংড়ি দিয়ে রান্না করতে হবে। চিংড়ি সেদ্ধ হয়ে এলে ফিশ সস, চিনি, সাদা গোলমরিচ ও প্রয়োজনমতো লবণ দিতে হবে।
সবশেষে কার্নেশন মিল্ক ও লেবুর রস মিশিয়ে দিতে হবে। ঝাল, টক ও নোনতা স্বাদ চেখে দেখে প্রয়োজন অনুযায়ী লবণ, চিনি বা লেবুর রসের পরিমাণ ঠিক করে নিতে হবে। কয়েক মিনিট চুলায় রেখে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
গরম গরম পরিবেশন করুন সুগন্ধি ও টক-ঝাল স্বাদের চিংড়ির টম ইয়াম স্যুপ। শীতের বিকেল কিংবা বৃষ্টির দিনে এই স্যুপ হতে পারে ঘরোয়া আয়োজনে ভিন্ন স্বাদের একটি পদ।









