মুরগির মাংস মানেই যে ঝাল-ঝোলে লালচে রান্না হতে হবে, এমন নয়। তিল, কাজু আর দুধের সংমিশ্রণে তৈরি করা যায় একেবারেই অন্যরকম মুরগির সাদা ভুনা। ঝোল কম, মশলার ভারও কম, তবু স্বাদে বেশ সমৃদ্ধ। রুটি, পরোটা, পোলাও কিংবা সাদা ভাত সবকিছুর সঙ্গেই মানিয়ে যাবে।
যা যা লাগবে
মুরগির মাংস ৭০০ গ্রাম, সাদা তিল ৭০ গ্রাম, কাজু ২০ গ্রাম, কাঁচামরিচ ৫-৭টি, পেঁয়াজ কুচি ৩টি মাঝারি, আদা-রসুন বাটা ১ টেবিল-চামচ, দুধ ৩-৪ টেবিল-চামচ, ঘি ১ টেবিল-চামচ, সয়াবিন তেল ২ টেবিল-চামচ, গোলমরিচ ১ টেবিল-চামচ, টক দই ২ টেবিল-চামচ ও লবণ স্বাদ অনুযায়ী।
রান্নার পদ্ধতি
প্রথমে মুরগি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এর সঙ্গে টক দই, সামান্য তেল, লবণ এবং গোলমরিচ মিশিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন।
এবার শুকনো কড়াইয়ে তিল ও কাজু বাদাম অল্প আঁচে হালকা ভেজে নিন। তিলের মধ্যে থেকে প্রায় ১ টেবিল-চামচ আলাদা করে রাখুন। বাকি তিল ও কাজু দুধ দিয়ে মিহি করে বেটে নিন।
কড়াইয়ে তেল গরম করে ঘি মেশান। তাতে পেঁয়াজ কুচি দিয়ে নরম ও হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা-রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। প্রয়োজনমতো লবণ দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নিন।
এবার তিল-কাজুর পেস্ট ঢেলে আঁচ কমিয়ে কয়েক মিনিট নাড়তে থাকুন। মিশ্রণটি কষে এলে ম্যারিনেট করা মুরগি দিয়ে আঁচ বাড়িয়ে প্রায় ৫ মিনিট ভালো করে কষিয়ে নিন।
এরপর আঁচ কমিয়ে কড়াই ঢেকে দিন। মুরগি নিজের পানিতেই ধীরে ধীরে সেদ্ধ হবে। প্রতি ৫-৭ মিনিট অন্তর ঢাকনা খুলে মাংস নেড়ে আবার ঢেকে দিন। মাংস সেদ্ধ হতে শুরু করলে এবং মশলা থেকে তেল বেরিয়ে এলে বুঝবেন রান্না প্রায় তৈরি।
ঝোলের মতো রাখতে চাইলে সেদ্ধ হওয়ার সময় অল্প গরম পানি দিতে পারেন। তবে এই রান্নার আসল মজা ঘন, গা-মাখা মশলায়।
মুরগি সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে আগে সরিয়ে রাখা ভাজা সাদা তিল ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন রুটি, পরোটা, পোলাও অথবা ভাতের সঙ্গে।









