ফুলকপি রান্নার সময় ফুলটাই মূল আকর্ষণ, তাই ডাঁটা অনেক সময় কেটে ফেলে দেওয়া হয়। কিন্তু এই ডাঁটা দিয়েই তৈরি করা যায় দারুণ স্বাদের একটি নাশতা। অল্প কিছু মসলা আর বেসন দিয়ে বানিয়ে ফেলতে পারেন ফুলকপির ডাঁটার সুস্বাদু পাকোড়া। বিকালের নাশতা কিংবা অতিথি আপ্যায়নে সহজেই জায়গা করে নিতে পারে এই পদ।
যেভাবে তৈরি করবেন
প্রথমে ফুলকপির ডাঁটা ভালো করে ধুয়ে শক্ত অংশ ফেলে ছোট টুকরো করে নিন। একটি পাত্রে পানি গরম করে তাতে সামান্য লবণ ও হলুদ দিয়ে ডাঁটাগুলো কয়েক মিনিট সেদ্ধ করে নিন। একেবারে নরম করার দরকার নেই, হালকা সেদ্ধ হলেই হবে। এরপর পানি ঝরিয়ে ডাঁটাগুলো আরও ছোট করে কুচি করে নিন।
এবার একটি বড় বাটিতে বেসন ও চালের গুঁড়া নিন। এর সঙ্গে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং সামান্য ধনে গুঁড়া দিন। চাইলে স্বাদ বাড়াতে অল্প কাঁচা মরিচ কুচিও দিতে পারেন। মিশ্রণের মধ্যে কুচি করা ফুলকপির ডাঁটা এবং পেঁয়াজ কুচি দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন।
এবার অল্প অল্প করে পানি দিয়ে মেখে ঘন মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি যেন খুব পাতলা না হয়, আবার অতিরিক্ত শক্তও না থাকে। কড়াইয়ে তেল গরম করে হাত বা চামচের সাহায্যে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে তেলে ছাড়ুন। মাঝারি আঁচে পাকোড়াগুলো উল্টেপাল্টে ভেজে নিন, যাতে বাইরে সুন্দর সোনালি ও মুচমুচে হয়।
ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে গরম গরম পরিবেশন করুন। সঙ্গে টমেটোর সস, ধনেপাতার চাটনি বা পছন্দের ডিপ থাকলে স্বাদ আরও বাড়বে। ফুলকপির অব্যবহৃত ডাঁটা দিয়ে তৈরি এই সহজ নাশতা একদিকে যেমন সুস্বাদু, অন্যদিকে খাবারের অপচয়ও কমায়।









