সকালে অফিসের তাড়া, বাচ্চাদের স্কুল, আর এর মধ্যে যদি গ্যাস না থাকে, তাহলে নাশতা তৈরি করা নিয়ে বেশ বিপাকেই পড়তে হয়। বিশেষ করে গ্যাসের সংকটের কারণে অনেক সময় চুলা জ্বালানোও সম্ভব হয় না।
তবে গ্যাস না থাকলেও চিন্তার কিছু নেই। চুলা ছাড়াই খুব অল্প সময়ে তৈরি করতে পারেন সুস্বাদু নো-অয়েল এগ ফ্রাইড রাইস। সবচেয়ে ভালো বিষয় হলো, এই রেসিপিটি তৈরি করতে প্রয়োজন হবে না কোনো রান্নার ঝামেলা।
উপকরণ
১ প্লেট রান্না করা ভাত, ১টি ডিম, পছন্দমতো সবজি, একদম ছোট টুকরো করে কাটা, ১ চা-চামচ সয়া সস, অল্প গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ ও ২ চা-চামচ ঘি।
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি মাইক্রোওয়েভ-সেইফ বাটিতে ১ প্লেট রান্না করা ভাত নিন। এর মধ্যে ১টি কাঁচা ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
এবার এতে পছন্দমতো ছোট ছোট করে কাটা সবজি দিয়ে দিন। এরপর যোগ করুন ১ চা-চামচ সয়া সস, অল্প গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ এবং ২ চা-চামচ ঘি।
সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন, যেন ডিম ও মসলা ভাতের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়।
এবার বাটিটি মাইক্রোওয়েভে দিয়ে ১–২ মিনিট গরম করুন। ডিম পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না দেখে প্রয়োজনে অল্প সময় আরও গরম করে নিন।
ব্যস! গ্যাস বা চুলার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল ঝটপট নো-অয়েল এগ ফ্রাইড রাইস।
সকালের ব্যস্ত সময়ে এটি হতে পারে সহজ, দ্রুত ও পেটভরা একটি নাশতার দারুণ বিকল্প।