উৎসব মানেই নানা পদের খাবার। দীপাবলি হোক বা ভাইফোঁটা, মিষ্টি, ভাজাভুজি থেকে শুরু করে মশলাদার পদসহ খাওয়াদাওয়ায় কোনও খামতি থাকে না। কিন্তু পেট ভরে খাওয়ার পর অনেকেরই পেট ভার হয়ে থাকে, দেখা দেয় গ্যাস বা অস্বস্তি। আবার মুখেও তৈরি হয় দুর্গন্ধ। এমন পরিস্থিতিতে খাবার শেষে পান চিবোনোর অভ্যাস কাজে আসতে পারে। একসময় পান ছিল আপ্যায়ন ও সাজসজ্জার অঙ্গ। এখন মুখশুদ্ধির পাশাপাশি পানপাতার সম্ভাব্য স্বাস্থ্যগুণ নিয়েও আগ্রহ বাড়ছে।
পানপাতার কী কী গুণ রয়েছে?
কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে: পানপাতায় রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান। এগুলি শরীরের জন্য উপকারী। হজমের স্বাভাবিক প্রক্রিয়ায় সহায়তা করে। তবে কোষ্ঠকাঠিন্য দূর করার নির্ভরযোগ্য চিকিৎসা হিসেবে পানপাতার কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত নয়। সমস্যা নিয়মিত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
মুখের স্বাস্থ্য ভাল রাখতে: পানপাতায় থাকা কিছু উপাদানের অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ রয়েছে। এগুলি মুখের ভিতরে কিছু ক্ষতিকর ব্যাক্টেরিয়ার বৃদ্ধি কমাতে সাহায্য করে। ফলে মুখের দুর্গন্ধ বা দাঁতে প্লাক জমার সমস্যা কমানোর ক্ষেত্রে সম্ভাব্য ভূমিকা রয়েছে। তবে মুখের পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত দাঁত মাজা, ফ্লস করা এবং দাঁতের চিকিৎসকের পরামর্শ নেওয়াই জরুরি।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে: পানপাতার কিছু উপাদানের সম্ভাব্য অ্যান্টি-হাইপারগ্লাইসেমিক গুণ নিয়ে গবেষণা হয়েছে। তবে এই বিষয়ে অধিকাংশ গবেষণাই পরীক্ষাগারে বা প্রাণীর উপর করা। মানুষের ক্ষেত্রে ডায়াবিটিস নিয়ন্ত্রণে পানপাতা কতটা কার্যকর, তা এখনও স্পষ্ট নয়। তাই ডায়াবিটিসের ওষুধের বিকল্প হিসেবে পানপাতা খাওয়া উচিত নয়।
হজমে সহায়তা করতে: পান চিবোলে লালাগ্রন্থি উদ্দীপিত হয় এবং মুখে লালার পরিমাণ বাড়ে। লালায় থাকা কিছু উৎসেচক খাবারের কার্বোহাইড্রেট ভাঙার প্রাথমিক প্রক্রিয়ায় সাহায্য করে। ফলে খাবার চিবোনো ও হজমের স্বাভাবিক প্রক্রিয়ায় কিছুটা সুবিধা হয়।
পেটের অস্বস্তি কমাতে: খাওয়ার পর অনেকের পেট ভার হয়ে থাকে, কারও আবার গ্যাস বা ফোলাভাবের সমস্যা দেখা দেয়। পানপাতার কিছু উপাদানের অ্যান্টি-অক্সিড্যান্ট গুণ রয়েছে। তবে পেট ফাঁপা, অম্বল বা গ্যাস কমাতে পানপাতা কতটা কার্যকর।
পান খাওয়ার ক্ষেত্রে সতর্কতা
পানপাতা আর সুপারি, চুন, জর্দা মেশানো পান এক নয়। সুপারি ও তামাকযুক্ত পান মুখের ক্যানসারসহ নানা গুরুতর স্বাস্থ্যঝুঁকির সঙ্গে যুক্ত। তাই পান খেতে চাইলে সুপারি ও তামাক এড়িয়ে চলুন। মনে রাখবেন, পানপাতা খাওয়াকে হজমের সমস্যা বা অন্য কোনও রোগের চিকিৎসা হিসেবে ব্যবহার করা যায় না।