আমের মৌসুমে ঘরে তৈরি করা যায় দারুণ স্বাদের একটি ডেজার্ট—আম ভাপা দই। টক-মিষ্টি দইয়ের সঙ্গে পাকা আমের প্রাকৃতিক ঘ্রাণ ও স্বাদ মিলে তৈরি হয় মোলায়েম, ক্রিমি একটি মিষ্টান্ন। বিশেষ কোনও অনুষ্ঠান, পারিবারিক আয়োজন কিংবা অতিথি আপ্যায়নে পরিবেশন করা যায় এই সহজ অথচ আকর্ষণীয় পদটি। খুব কম উপকরণে এবং ওভেন ছাড়াই তৈরি করা সম্ভব বলে এটি অনেকের কাছেই জনপ্রিয়।
উপকরণ
- টক দই ২ কাপ
- পাকা আমের পাল্প ১ কাপ
- কনডেন্সড মিল্ক ১ কাপ
- গুঁড়া দুধ ২ টেবিল চামচ (ঐচ্ছিক)
- এলাচ গুঁড়া সামান্য
- সাজানোর জন্য আমের টুকরা ও পেস্তা কুচি
প্রস্তুত প্রণালি
একটি বড় বাটিতে টক দই ভালোভাবে ফেটিয়ে মসৃণ করে নিন। এতে আমের পাল্প, কনডেন্সড মিল্ক, গুঁড়া দুধ ও এলাচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি একটি ভাপ দেওয়ার উপযোগী পাত্রে ঢেলে ওপরটা সমান করে দিন। পাত্রটি অ্যালুমিনিয়াম ফয়েল বা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিন যাতে ভেতরে পানি না ঢোকে। স্টিমারে বা বড় হাঁড়িতে পানি গরম করে মাঝারি আঁচে ৩০–৪০ মিনিট ভাপ দিন। একটি টুথপিক ঢুকিয়ে দেখে নিন। পরিষ্কার বের হলে বুঝবেন ভাপা দই তৈরি। ঠান্ডা হলে ৩–৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।
পরিবেশন
ফ্রিজ থেকে বের করে ওপর থেকে আমের ছোট টুকরা ও পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করুন। ঠান্ডা ঠান্ডা আম ভাপা দই গরমের দিনে এনে দেবে প্রশান্তির স্বাদ।








