সকালের নাশতায় বা বিকেলের চায়ের আড্ডায় যদি একটু ভিন্ন স্বাদের কিছু খেতে চান, তাহলে তৈরি করতে পারেন ক্রিসপি সুজির পুরি। বাইরে থেকে মচমচে, ভেতরে নরম এই পুরি খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায়। ঝাল চাটনি, টমেটো সস কিংবা দই সবকিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যায় এই সুস্বাদু নাস্তা।
যা যা লাগবে
- ১ কাপ গরম পানি
- ১/২ কাপ সুজি
- ১/৩ কাপ ময়দা
- ১/২ কাপ সেদ্ধ ও মাখানো আলু
- ৩ টেবিল চামচ ধনেপাতা কুচি
- ১ চা-চামচ পাপরিকা
- স্বাদমতো লবণ
- ১/২ চা-চামচ ভাজা জিরার গুঁড়া
- ১টি কাঁচা মরিচ কুচি
- অল্প তেল (ডো মাখানোর জন্য)
- ভাজার জন্য পরিমাণমতো তেল
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে গরম পানি নিয়ে তাতে সুজি মিশিয়ে নিন। ভালোভাবে নেড়ে ১০ মিনিট ঢেকে রেখে দিন, যাতে সুজি ফুলে নরম হয়ে যায়।
এরপর ঢাকনা খুলে সুজির সঙ্গে ময়দা, সেদ্ধ আলু, ধনেপাতা, পাপরিকা, লবণ, ভাজা জিরার গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে একটি নরম ডো তৈরি করুন।
ডোর ওপর সামান্য তেল মাখিয়ে আবার ৫ মিনিট ঢেকে রাখুন। এরপর হাতে একটু তেল লাগিয়ে ডো আরেকবার মথে নিন।
এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে পুরির আকারে বেলে নিন।
কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে পুরিগুলো সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভেজে তুলুন।
গরম গরম সুজির পুরি টমেটো সস, ধনেপাতার চাটনি বা পছন্দের যে কোনও ডিপের সঙ্গে পরিবেশন করুন। বাইরে খাস্তা আর ভেতরে নরম এই পুরি একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে।









