কম উপকরণে ঘরেই তৈরি করা যায় এমন মজার একটি ডেজার্ট ডিম ও দুধের নরম তুলতুলে স্নো-বল। ডিমের সাদা অংশের ফোম ও দুধের মিশ্রণে তৈরি এই খাবারটি স্বাদে যেমন ভিন্ন, তেমনি পরিবেশনেও নজরকাড়া। অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের সদস্যদের জন্য মিষ্টিমুখ, দুই ক্ষেত্রেই রাখতে পারেন রেসিপিটি।
যেভাবে তৈরি করবেন: প্রথমে তিনটি ডিমের সাদা অংশ একটি পাত্রে নিন। এতে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে বিটার দিয়ে ভালোভাবে বিট করতে থাকুন। ডিমের সাদা অংশ ঘন ফোমে পরিণত হলে সেটি একটি স্টিলের বাটিতে নিয়ে চেপে চেপে সমান করে বসিয়ে দিন। এবার একটি পাতিলে পানি নিয়ে তার ভেতর একটি স্ট্যান্ড বসান। স্ট্যান্ডের ওপর ফোম রাখা স্টিলের বাটিটি বসিয়ে পাতিলের ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে প্রায় ৩০ মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে বাটি থেকে ফোম বের করে ছোট ছোট চারকোনা টুকরো করে কেটে রাখুন।
অন্যদিকে, আধা লিটার দুধে দুটি ডিমের কুসুম, স্বাদ অনুযায়ী চিনি এবং এক ফোঁটা ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। চাইলে ভ্যানিলার পরিবর্তে আধা চা-চামচ এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে চুলায় বসিয়ে ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে এতে আগে থেকে তৈরি করে রাখা ফোমের টুকরোগুলো দিয়ে দিন। আরও পাঁচ মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিন।
সবশেষে পরিবেশনের আগে ওপর থেকে বাদাম কুচি ছড়িয়ে দিন। তৈরি হয়ে যাবে নরম, মজার ও ভিন্ন স্বাদের এই দুধের ডেজার্ট।









