রাতে বিছানায় যাওয়ার পরও অনেকের চোখে ঘুম আসে না। এদিকে পর্যাপ্ত ঘুম না হলে শরীর ও মনের ওপর তার প্রভাব পড়ে দ্রুত। সারাদিন ক্লান্তি, কাজে মন বসতে না চাওয়া, মেজাজ খিটখিটে হওয়া—এসব সমস্যার পেছনে থাকতে পারে ঘুমের ঘাটতি।
বিশেষজ্ঞদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন ঘুম প্রয়োজন। কিন্তু অনিদ্রার সমস্যায় ভুগলে সহজে ঘুম আসতে চায় না। দীর্ঘদিন ভালো ঘুম না হলে দৈনন্দিন কাজ, কর্মক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
ঘুমের সমস্যা কমাতে অনেকে প্রাকৃতিক কিছু উপায়ের সাহায্য নেন। এর মধ্যে একটি হলো জায়ফল। আসুন জেনে নেই ঘুমের জন্য জায়ফল কেন উপকারী হতে পারে-
ঘুমের জন্য জায়ফলের উপকারীতা
১. শরীরকে আরাম দিতে সাহায্য করতে পারে
জায়ফলে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে ভূমিকা রাখতে পারে। অনেকের ক্ষেত্রে এটি মানসিক ক্লান্তি কমিয়ে শরীরকে কিছুটা শিথিল অনুভব করতে সাহায্য করে। রাতে দুধ বা পানীয়ের সঙ্গে অল্প পরিমাণ জায়ফল খাওয়ার প্রচলন রয়েছে।
২. হজমের অস্বস্তি কমাতে সহায়ক হতে পারে
অনেক সময় রাতে বেশি খাওয়া বা হজমের সমস্যা হলে ঘুম ব্যাহত হয়। জায়ফল হজমের অস্বস্তি, গ্যাস বা পেট ভার লাগার সমস্যা কমাতে কিছুটা সহায়তা করতে পারে বলে মনে করা হয়।
কীভাবে খেতে পারেন
ঘুমানোর আগে এক কাপ গরম দুধে অল্প পরিমাণ জায়ফলের গুঁড়ো মিশিয়ে পান করতে পারেন। চাইলে এতে সামান্য কেশর যোগ করা যায়। সাধারণত ঘুমানোর প্রায় ৩০ মিনিট আগে এই পানীয় খাওয়া হয়।
আরেকটি উপায় হলো ক্যামোমাইল চায়ের সঙ্গে এক চিমটি জায়ফল মিশিয়ে নেওয়া।
তবে মনে রাখা দরকার, জায়ফল কোনও চিকিৎসার বিকল্প নয়। দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা থাকলে বা অনিদ্রা গুরুতর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এছাড়া অতিরিক্ত পরিমাণে জায়ফল খাওয়া ঠিক নয়।









