সাহিত্যে আজীবন অবদানের জন্য ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের বিশেষ পদক পাচ্ছেন ব্রিটিশ-আমেরিকান লেখক সালমান রুশদি। যুক্তরাষ্ট্রের সাহিত্যে বিশেষ অবদানের জন্য দেওয়া ‘ডিস্টিংগুইশড কন্ট্রিবিউশন টু আমেরিকান লেটার্স’ পুরস্কারের এই পদক আগামী ১৮ নভেম্বর ম্যানহাটনে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে রুশদির হাতে তুলে দেওয়া হবে। ভারতীয় বংশোদ্ভূত এই লেখক পুরস্কারটির ৩৯তম প্রাপক।
রুশদির হাতে পদক তুলে দেবেন তার দীর্ঘদিনের বন্ধু ও লেখক কিরণ দেশাই। যুক্তরাষ্ট্রের বাইরে জন্ম নেওয়া লেখকদের মধ্যে রুশদি এই সম্মান পাওয়া চতুর্থ ব্যক্তি। এর আগে কানাডায় জন্ম নেওয়া শল বেলো, চিলির ইসাবেল আয়েন্দে এবং সুইডেনে জন্ম নেওয়া আর্ট স্পিগেলম্যান এই সম্মান পেয়েছেন।
সালমান রুশদি ২০টির বেশি বই লিখেছেন। তার সবচেয়ে পরিচিত উপন্যাসগুলোর একটি ‘মিডনাইটস চিলড্রেন’। এই উপন্যাসের জন্য তিনি বুকার পুরস্কার পায়।
তবে রুশদির সাহিত্যজীবনের সঙ্গে বিতর্কও গভীরভাবে জড়িয়ে আছে। ১৯৮৮ সালে প্রকাশিত ‘দ্য স্যাটানিক ভার্সেস’ উপন্যাসের পর মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিবাদ হয়। পরে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি রুশদির মৃত্যুর আহ্বান জানিয়ে ফতোয়া দেন।
২০২২ সালে নিউইয়র্কের একটি সাহিত্য উৎসবে মঞ্চে রুশদির ওপর ছুরি দিয়ে হামলা করা হয়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে এ ঘটনা নিয়ে তিনি ‘নাইফ’ নামে স্মৃতিকথা প্রকাশ করেন। ২০২৪ সালে বইটি ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের প্রতিযোগিতামূলক বিভাগে মনোনয়ন পায়।
ন্যাশনাল বুক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রুথ ডিকি বলেন, রুশদির বিস্তৃত সাহিত্যকর্ম সীমান্ত, প্রজন্ম ও পরিচয়ের বাইরে সাহিত্যের শক্তি এবং মানুষের মধ্যে সংযোগ তৈরির ক্ষমতাকে তুলে ধরে।









