যৌথবাস

দেবদ্যুতি রয়
১৭ এপ্রিল ২০২০, ১৯:০০আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৯:০০

করোনায় আমরা ভীত নই। বরং মোকাবেলা করছি গৃহে অন্তরীণ থেকে। এতে হয়ত কিছুটা বাড়তেও পারে মানসিক চাপ। তাই আসুন, খুলে দেই মনঘরের জানালা। নিজেকে চালিত করি সৃজনশীলতায়। আপনি নিয়মিত লিখছেন, বা এটাই হতে পারে আপনার প্রথম গল্প। লিখুন ফেসবুকে। চটজলদি ৫০০ শব্দের গল্প, বাংলা ট্রিবিউনের জন্য। একইসঙ্গে নমিনেট করুন আপনার পছন্দের আরও ১০ জন লেখককে। সেরা ১০ জন লেখক পাচ্ছেন কাগজ প্রকাশনের বই। আর অবশ্যই হ্যাশট্যাগ দিন #বাংলাট্রিবিউনসাহিত্য যৌথবাস আজকাল বনিকে খুব মনে পড়ে। বনি মানে বোহেমিয়ান নিলয়, আমার কবিবন্ধু যে আমার প্রেমে পড়েছিল কোনো এক ঝুম বৃষ্টির দিনে, লাইব্রেরির বারান্দায় দুজনে পাশাপাশি কফি মগে চুমুক দিতে দিতে। ওর এই প্রেমে পড়ার গল্প আমি শুনেছি হাজার বার। হঠাৎ হঠাৎ কোনোদিন আমার চোখে তাকিয়ে বনি, বলত—
মন্দিরা, সেদিনের আগে তোর প্রেমে পড়িনি কেন বল তো?  তাহলেই তুই অন্য কারও হতিস না।

‘অন্য কারও’ শব্দ দুটো বনি খুব সাবধানে, খুব আলগোছে ব্যবহার করত। সেই বৃষ্টি দিনের পর ও আর সৌমিক নামটা উচ্চারণ করেনি কখনো। ওর কথা শুনে আমি হা হা করে হাসতাম। বলতাম—
পাগল! তুই আমার প্রেমে পড়লেই বুঝি আমারও তোকে ভালোবাসতেই হবে?

বনি আর কথা বলত না। আমরা আবার ব্যস্ত হয়ে পড়তাম ক্লাস, নোটস, টিউটোরিয়াল, প্রেজেন্টেশন নিয়ে। তারপর অনেক অনেক দিন বাদে টুকিটাকি চত্বরে দুকাপ লাল চায়ে পাশাপাশি চুমুক দিতে দিতে বনি আবার বলত—
মন্দিরা, সেদিনের আগে তোর প্রেমে পড়িনি কেন বল তো? তাহলেই তুই অন্য কারও হতিস না!

আমি আবার হা হা করে হাসতাম। চারপাশের সারি সারি বেঞ্চে বসা ছাত্ররা, রবীন্দ্রভবনের পাশের রাস্তা ধরে হেঁটে যাওয়া অনেকেই ফিরে তাকাত সেই শব্দে।

বনির সঙ্গে যোগাযোগ নেই অনেকদিন। সৌমিকের সঙ্গে আমার যৌথবাসের শান্তির সঙ্গে বনিকে আমি মেলাতে চাইনি। আমাদের হাওয়ায় ওড়া দিন আর মহুয়াগন্ধের রাতগুলোতে বনির করুণ চোখের কাতরতা সঙ্গী করে বাঁচতে চাইনি। আমাদের ভালোবাসার সংসারের গল্পগুলোয় তাই বনি নামের কোনো চরিত্র নেই। এই সেদিন পর্যন্ত, গত পাঁচ বছরে আমরা মলয় বাতাসে ভেসে গেছি শুধু, কুসুমের মধু করেছি পান…

সেদিন ভোরবেলা ঘুম ভেঙে গেলে আমি নিজের মনে করে সৌমিকের ফোনটা হাতে নিয়েছিলাম। আমাদের দুজনের একই মোবাইল—আইফোন ইলেভেন প্রো, এবারের বিয়েবার্ষিকীতে সৌমিক কিনেছিল। একই ফোন কভার দুজনের, একই পাসকোড। ঘুমঘোরে হোয়াটসঅ্যাপ খুলে আমার পৃথিবীটা থমকে গিয়েছিল। পাগলের মতো পুরো চ্যাট হিস্ট্রি পড়েছিলাম। তার তিন দিন আগে মৌমিতাকে পাঠানো শেষ ম্যাসেজটা এখনও মনে আছে—

আই মিস ইউর স্মেল, ডিয়ার। হোয়েন দিস লকডাউন পিরিয়ড ইজ ওভার, উইল গো টু আওয়ার ফেভরিট প্লেস এগেইন। লাভ।

লজ্জায়, বেদনায় মাটিতে মিশে যেতে যেতে আমার মনে পড়েছিল সেই রাতের কথা। এই ঘর, এই বিছানায় সেই রাতটাও কী আশ্চর্যজনকভাবে মহুয়াগন্ধী ছিল!

সৌমিক ফিরেছে তারপর। এই নিরবচ্ছিন্ন একত্রবাসের দিনে কী মনে করে আবার ফিরেছে আমার কাছে। ওর চোখের জল, ওর শ্বাসের ওঠানামা আর কুঁকড়ে যাওয়া মুখ দেখতে দেখতে টের পাই, ও সত্যিই ফিরেছে আমার কাছে। এই কদিনে হাজারবার স্যরি বলতে বলতে ও সত্যিই ভুলে গেছে অন্য কারও গায়ের গন্ধ।

আজ সন্ধ্যায়ও সৌমিক আমার হাত ধরে বলছিল—
প্লিজ চলে যেও না মন্দিরা। তোমাকে ছাড়া আমি কী করে বাঁচব?

আমি উত্তর দিইনি। এ প্রশ্নের কোনো উত্তর হয় না। আমি ওকে বলিওনি আজকাল ওকে আর অনুভব করতে পারি না, ভালোবাসতে পারি না। আজকাল আমার কেবল বনির কথা মনে পড়ে যে ছেলেটা এক ঝুম বৃষ্টির দিনে আমার প্রেমে পড়েছিল।

সৌমিক ঘুমাচ্ছে। আমি ফেসবুকে বোহেমিয়ান নিলয় লিখে সার্চ দিই। প্রথম প্রোফাইলটাই বনির, কফি মগ হাতে হাসিমুখ সেই তরুণের ছবির ওপরে ক্লিক করি। ছবিটা আমার তোলা, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির বারান্দায়। ছবির নিচে বনির বায়োতে লেখা—‘সেদিনের আগে তোর প্রেমে পড়িনি কেন বল তো?’

হঠাৎ আমার বুক কেঁপে কান্না আসে। সেই ভোরবেলার পর এই প্রথম আমি সবকিছু ভুলে কাঁদি। তারপর একসময় সেই কান্নায় বুঁদ হয়ে যেতে যেতেও টের পাই, সৌমিক উঠে বসেছে, ওর চোখ আমার মোবাইল স্ক্রিনে।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি