সেশনজট নিরসনে দ্রুত ক্লাস ও পরীক্ষা গ্রহণের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা স্মারকলিপি জমা দিয়েছেন। বুধবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর স্মারক লিপি দেন তারা।
বাংলা বিভাগের শিক্ষার্থীরা জানান, শিক্ষাজীবন স্বাভাবিক থাকলে ২০২১ সালের ডিসেম্বরে স্নাতক শেষ হতো। করোনার কারণে প্রায় দুই বছর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনেক বিভাগে চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস-পরীক্ষা চলছে। কিন্তু বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হয়নি। সেশনজটের জন্য শিক্ষকদের ক্লাস-পরীক্ষা গ্রহণে গড়িমসি দায়ী।
এদিকে একই দাবিতে অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন ও বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। নিয়মিত ক্লাস পরীক্ষা নেওয়ার বিষয়টি দ্রুত সমাধান না হলে আগামী শনিবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘বাংলা বিভাগের বিষয়টি আমি তাৎক্ষণিক খোঁজ নিয়েছি। বর্তমান সভাপতি ছুটিতে আছেন। এ জন্য দায়িত্বরত সভাপতিকে বিষয়টি সমাধানের জন্য বলেছি। আর পরিসংখ্যান বিভাগের বিষয়ে উপাচার্য মহোদয় আসলে আলোচনা হবে।’









