আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির (ডিসিডিএস) উদ্যোগে ২৪০ সেকেন্ডের উন্মুক্ত বক্তৃতা প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা কলেজের মুক্তমঞ্চে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতা উদ্বোধন করেন ডিসিডিএসের চিফ মডারেটস ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আজিজুল ইসলাম ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আদনান হোসেন।
উদ্বোধনী বক্তব্যে সৈয়দ আজিজুল ইসলাম বলেন, ‘ভাষার মাসে ২৪০ সেকেন্ডের বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এটি সত্যি ইতিবাচক। সবসময় জিততে হবে এমন কথা নেই, হারলেও ভালো বিতার্কিক হওয়া যায়।’
‘ওরা না থাকলে ভাষা হইতো না বাংলা, পেতাম না স্বাধীনতা’ বিষয়ে ২৪০ সেকেন্ডর উন্মুক্ত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহাদাৎ হোসাইন স্বপন। দ্বিতীয় হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুরনবী হোসেন। তৃতীয় হয়েছেন যৌথভাবে ইসলাম শিক্ষা বিভাগের রিয়াদ ও ব্যবস্থাপনা বিভাগের সাইমুন নুর।
ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি জিহাদ ইসলাম বলেন, ‘সময়ের সঙ্গে তাল মিলিয়ে যৌক্তিক নবীন প্রজন্ম গঠনে বিতর্কের ভূমিকা অনেক। সেই প্রেক্ষাপট বিবেচনায় নতুন তার্কিকদের সন্ধানে আজকের উন্মুক্ত বক্তৃতার আয়োজন। দেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মুক্তচিন্তা বিকাশের এমন আয়োজন অব্যাহত থাকবে।’









