ভর্তি পরীক্ষার দিন ক্যাম্পাসে চলাচল নির্বিঘ্ন রাখতে একজন শিক্ষার্থীর সঙ্গে দুই জন অভিভাবককে না আসার অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শনিবার (৬ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষায় কলা ভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, ‘অভিভাবকদের মনে রাখতে হবে, শিক্ষার্থীরা যেন নিজেদের মতো করে চলতে পারে। তাদের সক্ষম হয়ে গড়ে উঠতে হবে। একজন শিক্ষার্থীর সঙ্গে দুই জন অভিভাবক যেন না আসেন। আমাদের শিক্ষার্থীরা মেধাবী। তারা ইতোমধ্যে ভালো ফলাফলের মধ্যে দিয়ে সফলতার স্বাক্ষর রেখেছে। তাদের সহযোগিতার জন্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা আছেন। বিভিন্ন ধরনের সংগঠন তাদের সহযোগিতায় তৎপর। সব ব্যবস্থাপনাই রাখা হয়েছে। তারা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিয়ে নিরাপদে বাড়িতে ফিরতে পারে– সেই প্রত্যাশা থাকবে।’
বিজ্ঞানসম্মতভাবে আসন সংখ্যা কমানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের আবাসন সংকট প্রকট। আমাদের সীমাবদ্ধতা আছে। সামনের দিনগুলোতে আবাসন সুবিধা বাড়ানোর বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। ফলে চাপ কিছু কম অনুভূত হবে সামনে। বিশ্ববিদ্যালয়ের সামর্থ্য, জাতীয় চাহিদা, আন্তর্জাতিক মান বিবেচনায় আসনসংখ্যা বিজ্ঞানসম্মতভাবে কমানো হয়েছে।’
এ সময় আরও ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক আবদুল বাছির প্রমুখ।
এই ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে সকাল ১১টায় শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষায় মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে এক লাখ ২২ হাজার ৮৮২টি। সেই হিসাবে প্রতি আসনে লড়বেন প্রায় ৪২ জন শিক্ষার্থী।









