পাহাড়ে সহিংসতা বন্ধ, হত্যা-হামলার বিচার এবং সব জাতিগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিতের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে জবি শিক্ষার্থী ফোরামের উদ্যোগে এই কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থী জেরিন চাকমা বলেন, ‘আদিবাসীদের সুরক্ষা নিশ্চিতের দায়িত্ব বাঙালিদের নিতে হবে। আদিবাসী টার্মটি যদি বাদও দেই তাহলেও মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা নতুন দেশ চাই না। আমরা কোথাও যাবো না, এই দেশেই থাকবো।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরামের সংগঠক ইভান তাহসীভ বলেন, ‘আমরা আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়িয়েছি, সঙ্গে জবির পাহাড়ি শিক্ষার্থীরও আছেন। পাহাড়ের সহিংসতার বিচারের দাবিতে আমরা দাঁড়িয়েছি। পাহাড়ে যে সহিংসতা চলছে এবং হত্যা-হামলা হচ্ছে, তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি। একইসঙ্গে সব জাতিগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘পাহাড়ে সেনা শাসন চলমান। এই পরিস্থিতিতে পাহাড়িরা সেখানে অধিকার পাচ্ছে না। পাহাড়িদের ভিন্ন সংস্কৃতি রয়েছে, নিজস্ব জীবনবোধ রয়েছে কিন্তু বরাবরই তাদের ওপর বাঙালি জাতীয়তাবাদের পরিচয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বর্তমানে পাহাড়িদের সঙ্গে বাঙালিদের যে দ্বন্দ্ব চলমান সেটার দায়ভার রাষ্ট্রকে নিতে হবে। আমরা বলছি, অবিলম্বে এই সংকট নিরসন করা হোক।’








