জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের আগের রাতে বিধি লঙ্ঘন করে বিএনপির অ্যাক্টিভিস্ট মারুফ মল্লিক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি নির্বাচন কমিশন কার্যালয়ে গেছেন। এ নিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন প্রার্থী ও শিক্ষার্থীরা।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে সিনেট ভবনের জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে আসেন তারা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এতে দেখা যায়, বিএনপি অ্যাক্টিভিস্ট মারুফ মল্লিক, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করেন। সে সময় কক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আব্দুর রব ও বিএনপিপন্থি শিক্ষক অধ্যাপক বোরহান উদ্দিন। সেখানে উপস্থিত জাকসুর কয়েকজন প্রার্থী বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। সেখানে উপস্থিত একজন প্রশ্ন করেন, ‘স্যার এরা এখানে কী করে?’
এ বিষয়ে জানতে চাইলে মারুফ মল্লিক ও নাজমুল হাসান অভি দাবি করেছেন, তারা ব্যক্তিগত কাজে সেখানে গিয়েছেন। ভোট সংক্রান্ত কোনও বিষয়ে কথা বলতে যাননি তারা।
ক্যাম্পাসে বহিরাগত এবং অছাত্র প্রবেশ নিয়ে জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, আমরা আমাদের জায়গা থেকে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের নির্বাচন কমিশনের কিছু কাজ আছে, আমরা সেগুলো করেছি। এখানে সাংবাদিক, পর্যবেক্ষকসহ অনেকেই কার্যালয়ের আশেপাশে আসেন। সবসময় আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এ বিষয়ে সিকিউরিটির লোকজন ভালো বলতে পারবেন। আমি নিজে থেকে কোনও অছাত্র দেখি নাই। এরকম কিছু হলে লিখিত অভিযোগ দিন।








