জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) স্নাতক ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন দুপুর সাড়ে ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এক ঘণ্টা ঢাকা ও তিনটি আঞ্চলিক কেন্দ্রের অধীনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খ্রীষ্টিন রিচার্ডসন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ‘বি’ ইউনিটে কলা ও আইন অনুষদভুক্ত মোট ৭৮৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৯ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে লড়বেন ১০২ জন পরীক্ষার্থী।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ১৩টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ঢাকার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়, কে এল জুবলি হাই স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ঢাকার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়— এই তিনটি আঞ্চলিক কেন্দ্রেও শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন।
মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। এর মধ্যে ৭২ নম্বর থাকবে বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় এবং বাকি ২৮ নম্বর যোগ হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর। এমসিকিউ অংশে ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে।
আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খ্রীষ্টিন রিচার্ডসন জানান, কারিগরি বা অন্য কোনও সমস্যার কারণে যেসব শিক্ষার্থী প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি, তাদেরও পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। তিনি বলেন, “প্রবেশপত্র না থাকা শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের জন্য সব কেন্দ্রকে নির্দেশনা দেওয়া হয়েছে। নামের তালিকা যাচাই করে তাদের পরীক্ষা নেওয়া হবে এবং তাদের উত্তরপত্রগুলো আলাদা খামে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।”









