জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬৮ শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটিকে আগামী ১৩ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহাম্মদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আমির হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রেজিস্ট্রার দফতরের সেকশন অফিসার (গ্রেড-২) মো. আব্দুল মালেক।
অফিস আদেশে বলা হয়, সম্প্রতি একটি সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৮ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। ওই প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই, প্রয়োজনীয় করণীয় নির্ধারণ এবং সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে।
এ ছাড়া, একই প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ অনুযায়ী, বিগত সরকারের আমলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও আন্দোলনকারীদের হুমকি দেওয়ার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষক জড়িত ছিলেন কি না, তাও তদন্ত করে দেখতে বলা হয়েছে।









