ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ (ডিইএইচ) দুই দিনব্যাপী ১২তম আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে।
১৩–১৪ আগস্ট অনুষ্ঠিত সম্মেলনের প্রতিপাদ্য ছিল “মানি টকস: কনজিউমারিজম অ্যান্ড ক্যাপিটালিজম ইন লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ”। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে তাদের সম্মিলিত সৃজনশীলতা, মেধা ও প্রচেষ্টার প্রতিফলন ঘটে। আয়োজনে ছিল একাডেমিক প্রেজেন্টেশন, সাংস্কৃতিক ও কসপ্লে প্রতিযোগিতা, এক্সটেম্পোর স্পিচ প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তুজা। অধ্যাপক মর্তুজা তার বক্তব্যে শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রশংসা করেন এবং তাদের প্রতিভাকে আরও পরিশীলিত করে বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানোর জন্য উৎসাহিত করেন।
তিনি উল্লেখ করেন, নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে সৃজনশীলতার চর্চা করলে তা যে কারও সাফল্যের পথ তৈরি করতে পারে। অধ্যাপক মর্তুজা ১২ বছর ধরে এমন সমৃদ্ধ আয়োজন অব্যাহত রাখার জন্য ইউল্যাবেরও প্রশংসা করেন, যা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও সাংস্কৃতিক সম্পৃক্ততা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার বক্তব্য দুই দিনব্যাপী একাডেমিক ও সৃজনশীল অন্বেষণের এই আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ইউল্যাবের সামার ডিস্টিংগুইশড প্রফেসর ড. আজফাল হোসেনও ইউল্যাবের এই ধারাবাহিক উদ্যোগের প্রশংসা করেন। তিনি অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য নিয়ে বক্তব্য রাখেন এবং তার কবিতা “Cash”-এর নাটকীয় আবৃত্তির মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
ভাইস চ্যান্সেলর, বিশেষ অতিথি, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন অধ্যাপক কায়সার হক এবং ডিপার্টমেন্ট চেয়ার আরিফা গনি রহমান, বিচারকদের সঙ্গে নিয়ে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এক্সটেম্পোর স্পিচ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ড. মাহ্রুবা মৌটুসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শেহরীন আতাউর খান। একাডেমিক প্রেজেন্টেশন মূল্যায়ন করেন আইইউবির অধ্যাপক বখতিয়ার আহমেদ এবং গবেষক, লেখক ও অনুবাদক মিস টিনা নন্দী। সাংস্কৃতিক ও কসপ্লে প্রতিযোগিতার বিজয়ীদের নির্বাচন করেন বটতলা-এর প্রধান নির্বাহী মোহাম্মদ আলী হায়দার এবং এআইইউবি-এর দিপ্তী রহমান। এ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক ছিলেন শিল্পী ওয়াকিলুর রহমান ও ফারিহা জেবা। বিজয়ীদের ক্রেস্ট, স্বীকৃতিস্বরূপ সনদ এবং পুরস্কারের অর্থ প্রদান করা হয়।
একাডেমিক প্রেজেন্টেশন বিভাগে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের তাসনিম তামান্না প্রথম স্থান অর্জন করেন এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের রাইসা আনান রানার-আপ হন। এক্সটেম্পোর স্পিচ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিয়াম আহমেদ বিজয়ী হন এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাসফিয়া আহসান রানার-আপ হন। কসপ্লে প্রতিযোগিতায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের তাহসিন জাহান ফাইজা বিজয়ী হন এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাহিনূর আক্তার মাইশা রানার-আপ হন। সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি তাদের পরিবেশিত নাটক Waiting for Trial নিয়ে প্রথম স্থান অর্জন করে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের পরিবেশিত The ROI of Death নাটকের জন্য রানার-আপ হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর বাইরে থেকে আগত শিক্ষাবিদরা বিচারকার্যে যুক্ত থেকে প্রতিযোগিতার ন্যায়সংগততা ও স্বচ্ছতা নিশ্চিত করেন।
ডিইএইচ ইন্টার-ইউনিভার্সিটি স্টুডেন্ট কনফারেন্স অ্যান্ড কালচারাল কম্পিটিশন প্রতি বছর শিক্ষার্থীদের জন্য একাডেমিক জ্ঞানচর্চা ও সৃজনশীল অভিব্যক্তির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে আয়োজন করা হয়। এ বছর দেশের বিভিন্ন প্রান্তের ২৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এ আয়োজনে অংশগ্রহণ করে। এসব বিশ্ববিদ্যালয় থেকে শিল্প ও মানবিকবিদ্যার মেধাবী, পরিশ্রমী ও সৃজনশীল শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নিয়ে তাদের প্রতিভা ও দক্ষতার প্রকাশ ঘটান।









